ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দেশটির আরব নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। চলতি সপ্তাহের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া দলগুলোর বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়াই বিদেশি অর্থায়নের অভিযোগ তুলে তিনি এই দাবি জানান।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেন-গভির লিখেছেন, কাতারের অর্থায়নের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরব দলগুলোর প্রধানদের গ্রেফতারের নির্দেশ ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতকে ‘আজ সকালেই’ দিতে হবে।
বেন-গভির কয়েকজন মন্ত্রীর তোলা দাবির প্রতি ইঙ্গিত করেন, যাদের অভিযোগ দলগুলো কাতারের কাছ থেকে অর্থ নিয়েছে। তবে এই অভিযোগেরও কোনও প্রমাণ দেওয়া হয়নি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা বিরোধী জোট কেউই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনে আরব দলগুলো এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১২০ আসনের নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) সরকার গঠনে প্রয়োজন অন্তত ৬১টি আসন। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৮৫ শতাংশ ভোট গণনা শেষে ৫৩টি আসন পেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে নেতানিয়াহুর জোট।
অন্যদিকে আইজেনকোটের জোট পেয়েছে ৪৮টি আসন। কিন্তু প্রত্যাশার চেয়ে ভালো করলেও নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা এখনও সরকার গঠনের ম্যাজিক নম্বর ৬১ থেকে বেশ কিছুটা দূরে।
ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দুটি আরব দল এ পর্যন্ত যৌথভাবে ১৯টি আসন পেয়েছে। গাণিতিকভাবে তারা নেতানিয়াহু বা আইজেনকোট যেকোনও পক্ষকে সরকার গঠনের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে পারে।
সূত্র: এএফপি