প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক সারা আলি খানের। এরপর বহুবার কেদারনাথ দর্শনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। তার শিবভক্তির মুহূর্ত ঘিরে বিতর্কও হয়েছে বিভিন্নমহলে।
এবার কেদারনাথ দর্শনে গিয়ে রোষানলে পড়লেন নবাব কন্যা। গত ২৫ অক্টোবর ইসলাম ধর্মবিরুদ্ধ কাজের অভিযোগে সারার বিরুদ্ধে জারি হল ফতোয়া।
উত্তরপ্রদেশের ইসলামি ধর্মগুরু মৌলানা মুফতি শাহাবুদ্দিন রিজভি বেরেলভির মতে, অভিনেত্রীর এই পদক্ষেপ ইসলাম মতে ‘হারাম’। কেদারনাথ মন্দিরের বাইরে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সারাকে। মন্দিরে পুজো দেওয়ার পর বাইরে করজোড়ে প্রার্থনা করেন।
এই দৃশ্য মৌলবীর নজরে আসতেই বিতর্কের সৃষ্টি। একটি ভিডিও বিবৃতিতে ওই ধর্মগুরু জানান, অন্য ধর্মের রীতি মেনে উপাসনা করা শরিয়ত অনুযায়ী ‘হারাম’। সারাকে আল্লার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
অমৃতা সিং ও সাইফ আলি খানের মেয়ে সারা গত চার বছর ধরে নিয়মিত কেদারনাথ মন্দিরে যাচ্ছেন। ২০১৮ সালে ‘কেদারনাথ’ মুক্তির সময় উত্তরাখণ্ডে কয়েকটি দক্ষিণপন্থী সংগঠন এর বিরোধিতাও করেছিল।
প্রসঙ্গত, ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে সারা আলি খানের নতুন ছবি ‘উড়তা তীর’।