পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৬’ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ পদকের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন চেয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পরিবেশ পদক-২০২৬-এর আওতায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মোট ছয়টি পদক দেওয়া হবে। তিনটি বিভাগে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে একটি করে পদক দেওয়া হবে।
পদকের বিভাগগুলো হলো—পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন।
প্রতিটি বিভাগে পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২২ ক্যারেট মানের দুই তোলা স্বর্ণের বাজারমূল্যের সমপরিমাণ অর্থ, ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।