মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর নানান প্রশ্নে বিদ্ধ হচ্ছে ট্রাম্প প্রশাসন। এই পরাজয়ের পেছনে কারণ হিসেবে ইরান যুদ্ধকেই হাজির করা হচ্ছে। ক্ষমতাসীন রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই কারণ উল্লেখ করেছেন।
তবে তার সঙ্গে গলা মিলিয়ে রিপাবলিকানদের এই পরাজয়ের পেছনে আরেকটি বড় কারণ হাজির মার্কিন আইনপ্রণেতা (প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলের সদস্য) রো খান্না। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেছেন যে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ হলো, ইরান যুদ্ধ ও এপস্টেইন কেলেঙ্কারি ঢাকার প্রচেষ্টায় প্রকাশিত দুর্নীতি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
এক্সে (সাবেক টুইটার) জেডি ভ্যান্সের একটি পোস্টের জবাবে খন্না ট্রাম্প প্রশাসনকে এমন একটি কনটিনিউয়িং রেজোলিউশন (চলতি বাজেট অনুমোদন) সমর্থনের প্রস্তাব দেন, যা ইরানে মার্কিন সামরিক বাহিনীর যেকোনও অভিযানে অর্থায়ন নিষিদ্ধ করবে এবং ভিয়েতনামের মতো ইরান যুদ্ধ সমাপ্ত করবে।
এ ছাড়াও খান্না ইসরায়েলে সব প্রকার সহায়তা বন্ধের প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যেসব পেডোফাইল (শিশু যৌন নিপীড়ক) কমবয়সী মেয়েদের নির্যাতন ও পাচার করেছে, অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা যাতে তাদের বিরুদ্ধে মামলা চালাতে পারেন— সেজন্য এপস্টেইন ২.০ আইন পাসের সমর্থনের আহ্বান জানান।
তিনি ভ্যান্সকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, আপনি কি এখন বাস্তবে এই তিনটি কাজের কোনোটি করবেন?