ইউরোপে যাত্রীবাহী প্লেনে বোমা হামলার হুমকি ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আরও অন্তত পাঁচটি ইউরোপীয় ফ্লাইটকে বোমা হামলার হুমকি পাওয়ার পর অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। এর কয়েক দিন আগে একই ধরনের ভুয়া হুমকির কারণে আটটি উড়োজাহাজের ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল।
কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এক দিনেই ইউরোপের অন্তত ১২টি ফ্লাইট বোমা হামলার হুমকির লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে কয়েকটি উড়োজাহাজকে সামরিক যুদ্ধবিমান দিয়ে পাহারা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয় দিনের মতো একযোগে বোমা হামলার হুমকি পাওয়া গেল। বিশেষ করে ইউরোপের বিভিন্ন রুটে চলাচলকারী স্বল্প খরচের বিমান সংস্থাগুলোর ফ্লাইটগুলোকে লক্ষ্য করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বুলগেরিয়ার সোফিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে। পরে প্লেনটি কাছের প্লভদিভ বিমানবন্দরে অবতরণ করে। এ ছাড়া পোলিশ বিমান সংস্থা লটের ওয়ারশ থেকে প্যারিসগামী একটি ফ্লাইটে হুমকি পাওয়ার পর নিরাপত্তা তল্লাশি শুরু হয়। তবে তল্লাশিতে কোনও হুমকির অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। তাদের ভাষ্য, স্বাভাবিক নিয়মেই ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।
এদিকে, মাঝ আকাশে বোমা হামলার হুমকি পাওয়ার পর ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে পাহারা দিয়ে নিয়ে যায় ইতালির একটি যুদ্ধবিমান।
গত ২ নভেম্বর থেকে ইউরোপজুড়ে অন্তত ২১টি প্লেনে বোমা হামলার হুমকি দেওয়া হয় ।
সূত্র: উইয়ন নিউজ