কুমিল্লার চৌদ্দগ্রামে গর্ভের সন্তান নষ্ট এবং বিয়ে করতে অস্বীকৃতি জানানোর জেরে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত প্রেমিকাকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও ঘটনাস্থলে উপস্থিত নিহতের বন্ধু আরিয়ান খান মাহিদকে আটক করেছে পুলিশ।
নিহত সাঈদ আবদুল্লাহ সিয়াম (২২) ওই গ্রামের এনামুল হকের ছেলে। আটক নাঈমা জাহানের (১৬) বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। প্রেমিক ডাকায় গতকাল রবিবার রাতে তিনি লক্ষ্মীপুর গ্রামে আসেন।
আটক করার পর নাঈমা জাহান উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, তিন বছর আগে মোবাইলে সিয়ামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের শারীরিক সম্পর্ক হয়। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন; দুই মাস আগে গর্ভের সন্তান নষ্ট করেন সিয়াম। পরে বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা করতে থাকেন। রবিবার ২০ হাজার টাকা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসতে বলেন সিয়াম। রবিবার রাতে সিয়ামের কথামতো লক্ষ্মীপুর গ্রামে আসেন। সেখানে সিয়াম ও তার বন্ধু আরিয়ান ছাড়া অন্য কেউ ছিলেন না। বন্ধুসহ রাতযাপনের পর আজ ভোরে সিয়াম তাকে বাসা থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন তিনি।
স্থানীয় লোকজন জানান, সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন নাঈমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও সিয়ামের বন্ধু আরিয়ানকে আটক করা হয়েছে। সিয়ামের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত চলছে।’