নোবেলজয়ী তুর্কি ঔপন্যাসিক ওরহান পামুকের নতুন বই ‘Kelimeler ve Resimler : Seçme Hatıralar, Yazılar ve Bir Hikâye’ (শব্দ ও চিত্র : নির্বাচিত স্মৃতি, রচনা ও একটি গল্প) ৪ জুন প্রকাশিত হয়েছে। ইয়াপি ক্রেদি প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। এতে পামুকের সাহিত্যজীবন, ব্যক্তিগত ইতিহাস ও শিল্পচর্চার নানা দিক উঠে এসেছে।
বইতে স্মৃতিকথা, প্রবন্ধ ও একটি গল্প রয়েছে। পামুকের সামরিক জীবনের অভিজ্ঞতা, শুরুর দিকের বই প্রকাশের সংগ্রাম, লেখক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই এবং সাহিত্য ও চিত্রকলার সঙ্গে দীর্ঘ সম্পর্কের নানা অনুষঙ্গ উঠে এসেছে। বিভিন্ন সময়ে দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত বেশ কিছু প্রবন্ধও নতুন করে সম্পাদনা ও বিন্যাসের মাধ্যমে এই বইয়ে যুক্ত করেছেন।
নতুন বইটিতেও উল্লেখযোগ্য অংশজুড়ে তিনি অনুসন্ধান করেছেন লেখালেখি, চিত্রকলা ও আলোকচিত্রের পারস্পরিক সম্পর্কের দিকটি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখিয়েছেন, কীভাবে দৃশ্যমান শিল্প তাঁর সাহিত্যিক কল্পনাকে প্রভাবিত করেছে।
বইটিতে সাংস্কৃতিক ও সাহিত্যিক পরিমণ্ডলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে পামুকের স্মৃতিচারণও রয়েছে। বিখ্যাত আলোকচিত্রী আরা গুলের, ইতালীয় ঔপন্যাসিক উমবের্তো একো, মার্কিন লেখক পল অস্টার ও জার্মান শিল্পী আনসেল্ম কিফারের সঙ্গে তাঁর পরিচয়, বন্ধুত্ব ও আলাপচারিতার নানা দিক তিনি বইতে তুলে ধরেছেন।
বইটি উৎসর্গ করা হয়েছে পামুকের বহুল আলোচিত উপন্যাস ‘দ্য মিউজিয়াম অব ইনোসেন্স’ ও তার ভিত্তিতে প্রতিষ্ঠিত ইস্তাম্বুলের ‘মিউজিয়াম অব ইনোসেন্স’-কে। সাহিত্যিক কল্পনা থেকে একটি বাস্তব জাদুঘর নির্মাণের দীর্ঘ ভাবনা ও প্রকল্পটির সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন।
এছাড়া বইটিতে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে পামুকের ব্যক্তিগত আর্কাইভে সংরক্ষিত বহু আলোকচিত্র ও চিত্রকর্ম। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সময় থেকে শুরু করে কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের স্মৃতিও রয়েছে।