ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল’—চার বছর পর বিস্ফোরক অভিযোগ পরীমণির


July 11, 2026 1:45 am
Link Copied!


চিত্রনায়িকা পরীমণি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে তার বাসায় পরিচালিত অভিযানের পর তাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থসংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছিল। চার বছর পর এ বিষয়ে মুখ খুলে তিনি বলেন, সেই ঘটনার অভিঘাত এখনও বয়ে বেড়াচ্ছেন এবং রাষ্ট্রের কাছে এর জবাব চান।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম পরীমণীকে গ্রেপ্তারের ঘটনাটি নিয়ে মুখ খোলেন। তিনি দাবি করেন, পরীমণীকে গ্রেপ্তারের নির্দেশ তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে এসেছিল। তার ভাষ্য, অভিযানের শুরু থেকেই তিনি এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

খাইরুল ইসলাম বলেন, “আমি পার্সোনালি যদি আমাকে এখনও বলেন, দ্যাট ওয়াজ নট জাস্টিফাইড। স্টিল আই টেল দিস, দ্যাট ওয়াজ নট জাস্টিফাইড।”

তিনি আরও দাবি করেন, তৎকালীন র‍্যাব মহাপরিচালক তাকে বলেছিলেন, “উর্ধ্বতন মহলের অনেককে তিনি (পরীমণী) ডিস্টার্ব করতেছেন, অনেককে ব্ল্যাকমেইল করতেছেন। এটাকে একটু প্রিভেন্ট করা দরকার ছিল।”

খাইরুল ইসলামের ওই বক্তব্যের পর শনিবার এক প্রতিক্রিয়ায় পরীমণি বলেন, “আমার জীবনের একটি অধ্যায় আমাকে একজন শিল্পী হিসেবে, একজন নারী হিসেবে এবং একজন মানুষ হিসেবে গভীরভাবে আঘাত করেছিল। সেই ঘটনার কারণে আমার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবন সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি বলেন, “র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ। দেরিতে হলেও আপনি এমন কিছু সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারলো যে ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে আমার বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর নামে নাটকীয়তার পর তৎকালীন র‍্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে আমাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থসংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছিল।”

পরীমণির দাবি, পরে মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়। “সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়,” বলেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, “তবুও আমি বিশ্বাস করি, সত্য একদিন না একদিন প্রকাশিত হয়। সময় লাগতে পারে, কিন্তু সত্যকে চিরদিন চাপা দিয়ে রাখা যায় না।”

পরীমণি আরও বলেন, গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত তিনি সেই ঘটনার একজন ভুক্তভোগী হয়েই জীবন কাটাচ্ছেন। যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে এবং তার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।

রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্নও তোলেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে?”

তিনি বলেন, তিনি কোনো ক্ষোভ বা প্রতিশোধের কথা বলতে চান না। তিনি শুধু সত্য, ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলতে চান এবং ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন, সেটিই তার প্রত্যাশা।

বক্তব্যের শেষদিকে কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান পরীমণি। তিনি বলেন, অতীতের ক্ষত বয়ে বেড়াতে চান না। কাজ, সন্তান, পরিবার ও দর্শকদের ভালোবাসা নিয়েই তিনি বাকি জীবন কাটাতে চান।

পরীমণির ভাষায়, “আমি বাঁচতে ভালোবাসি। আমি বিশ্বাস করি, সত্যকে কখনো চিরদিন চাপা রাখা যায় না। আর ন্যায়বিচারের পথে হাঁটা কখনো বৃথা যায় না।”

তবে খাইরুল ইসলাম ও পরীমণির এসব বক্তব্যের বিষয়ে তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html