আগস্ট ২০২৬-এ প্রকাশিত হয়েছে লিটলম্যাগ ‘অন্তর্লোক’-এর প্রথম সংখ্যা। সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে ‘মেধা ও মনন বিকলাঙ্গদের প্রতি’। লিটলম্যাগটির সম্পাদক শামসুদ্দিন শিপন। সংখ্যাটির মূল্য ২০০ টাকা। প্রচ্ছদ করা হয়েছে শিল্পী কামরুল হাসানের আলেখ্য অবলম্বনে।
‘অন্তর্লোক’-এর প্রথম সংখ্যায় রয়েছে কবিতা, অবারিত রচনা, গদ্য, অনুবাদ, সাক্ষাৎকার ও সাহিত্যবিষয়ক বিভিন্ন লেখা। সংখ্যাটিতে সাম্য রাইয়ানের ‘বাংলা কবিতার অন্তর্লোক ও বহির্লোক’ এবং ‘অবারিত রচনা’ বিভাগে আরাফাত রবিন, রাজিয়া সুলতানা, অনিমেষ প্রাচ্য ও আদিদেব মুখোপাধ্যায়ের লেখা রয়েছে।
সাক্ষাৎকার বিভাগে রয়েছে ফরাসি কবি ইভোঁ ল মেন-এর সাক্ষাৎকার। তার নির্বাচিত ১০টি কবিতা বাংলায় অনুবাদ করেছেন আহমেদ সজীব।
গদ্য বিভাগে লিখেছেন শামীম রেজা, অজিত দাশ, দুর্জয় আশরাফুল ইসলাম ও সিফাত আশরাফ। শামীম রেজার লেখা ‘শঙ্খ ঘোষের ‘গান্ধর্ব কবিতাগুচ্ছে’ সমন্বয়বাদ’, অজিত দাশের ‘নূরুল হকের কবিতা যেন একটি পাখির পালক’, দুর্জয় আশরাফুল ইসলামের ‘দেশভাগের জাত-বিজাত : উৎপলকুমার বসুর কবিতাপাঠ’ এবং সিফাত আশরাফের ‘কথা, পাহাড়ের সঙ্গে ও স্কাউটবালিকার দাঁড়ি-কমা : আপন মাহমুদ’ প্রকাশিত হয়েছে সংখ্যাটিতে।
কবিতা লিখেছেন রশীদ হারুণ, তমোঘ্ন মুখোপাধ্যায়, শামসুদ্দিন শিপন, ঋতুপর্ণা খাটুয়া, আরিফুল ইসলাম, রিফাত বিন নুরুল, সৌমাল্য মুখোপাধ্যায়, চয়ন শরকার, মারুফ আহমেদ নয়ন এবং শ্রীঅনির্বাণ ধরিত্রীপুত্র।
এ ছাড়া ‘এই সময়ের সংলাপ’ শিরোনামে একটি গদ্য রয়েছে সংখ্যাটিতে। নব্বই দশকের কবি শামীম কবীর-এর পাণ্ডুলিপি ‘কোথায় দেব রাজস্ব’ থেকে তিনটি কবিতার হস্তলিপিও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সুরাইয়া খানমের ‘নাচের শব্দ’ এবং মুনিরা চৌধুরীর ‘মেহেকানন্দা কাব্য’ থেকে নির্বাচিত পাঁচটি করে কবিতা রয়েছে।
সম্পাদকীয়তে লিটলম্যাগকে ‘সাহিত্যের অ্যামিবা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একটি কবিতা বা গদ্যকে চিন্তা, পাঠ, অনুধ্যান ও পুনর্লিখনের মধ্য দিয়ে পরিণত করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে। একই সঙ্গে প্রচলিত সাহিত্যিক স্বীকৃতির কাঠামো নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
‘অন্তর্লোক’-এর প্রথম সংখ্যা পাওয়া যাচ্ছে উজান (বাংলাদেশ), এবং কয়েকজন (বাংলাদেশ) ও তবুও প্রয়াস (কলকাতা)-এ।