মুক্তির প্রথম দিনেই দর্শকদের দারুণ সাড়া পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই একাধিক প্রদর্শনীতে হাউজফুল হয়েছে। শুধু দর্শকই নন, সমালোচকদের কাছ থেকেও মিলছে উচ্ছ্বসিত প্রশংসা।
মুক্তির দিন কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে কথা বলেন তারা। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
শুধু প্রশংসাই নয়, চলচ্চিত্রটি শেষ হওয়ার পর অনেক দর্শক আবেগাপ্লুত হয়ে পড়েন। নির্মাতা ও অভিনয়শিল্পীদের সামনে পেয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। প্রিয় শিল্পীদের জড়িয়ে ধরে চলচ্চিত্রটি তাদের কতটা নাড়া দিয়েছে, সেই অনুভূতিও প্রকাশ করেন তারা। দর্শকদের এমন আবেগঘন প্রতিক্রিয়া ছবিটির প্রথম দিনের গ্রহণযোগ্যতারই একটি বড় প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেছেন নির্মাতা ইন্দ্রনীল রায়। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, গত দুই দশক ধরে কৌশিক গাঙ্গুলী বাংলা সিনেমার দর্শকদের সামনে ব্যতিক্রমী ও প্রচলিত ধারার বাইরে থাকা মানবিক সম্পর্কের গল্প তুলে ধরেছেন। তবে ‘আজও অর্ধাঙ্গিনী’ দিয়ে তিনি সেই উচ্চতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন।
ইন্দ্রনীল রায়ের মতে, ছবিটি একদিকে যেমন বাণিজ্যিকভাবে সফল হওয়ার সব উপাদান রাখে, অন্যদিকে সমালোচকদের কাছেও সমান প্রশংসা পাওয়ার যোগ্য। তার ভাষায়, অম্বরীশ, কৌশিক সেন ও ইন্দ্রাশিসসহ প্রতিটি অভিনয়ই ছিল পরিমিত ও চরিত্রনির্ভর।
তিনি আরও বলেন, চিত্রগ্রাহক গোপী ভগত, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সম্পাদক অমিত চট্টোপাধ্যায় এবং অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তীর সংগীত মিলিয়ে পুরো দল এমন একটি আবহ তৈরি করেছে, যার রেশ শেষ দৃশ্য পেরিয়েও দর্শকের মনে থেকে যায়।
তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন ছবির দুই প্রধান অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। ইন্দ্রনীল রায়ের ভাষায়, এই দুই অভিনেত্রীর অভিনয় ছবির সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে চূর্ণী গাঙ্গুলীর অভিনয়কে তিনি ‘মাস্টারক্লাস’ বলে উল্লেখ করেছেন।
একই সঙ্গে বর্তমান সময়ে অভিনেতাদের নিয়ে সহজেই নানা বিশেষণ ব্যবহারের প্রবণতার সমালোচনা করে ইন্দ্রনীল রায় বলেন, ‘আজও অর্ধাঙ্গিনী’ এবং এর দুই প্রধান অভিনেত্রীর অভিনয়ই মনে করিয়ে দেবে, অসাধারণ অভিনয়ের প্রকৃত মানদণ্ড আসলে কী।
সম্পর্ক, বিচ্ছেদ, স্মৃতি এবং মানুষের আবেগের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী। ছবিটি মুক্তির প্রথম দিনেই দর্শক ও সমালোচক—দুই মহলের প্রশংসা পাওয়ায় এর বক্স অফিস যাত্রা নিয়েও আশাবাদী সংশ্লিষ্টরা।
সিনেমার দেখার পর দর্শকের উচ্ছ্বাস ও আবেগ