যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে বলেও সতর্ক করেছে তারা।
রবিবার (১৯ জুলাই) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নেওয়া উচিত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদনের সম্ভাবনা কমতে পারে। এ ছাড়া এ ধরনের আবেদনের ক্ষেত্রে পরিশোধ করা ভিসা ফি ফেরতযোগ্য নয়।
এদিকে সম্প্রতি ঢাকাস্থ মার্কিন দূতাবাস অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন প্রক্রিয়া চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীর সাক্ষাৎকার প্রক্রিয়া এক দিনের পরিবর্তে দুই দিনে সম্পন্ন হবে।
এ ছাড়া ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম–সংক্রান্ত তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। এমনকি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি থাকতে পারে।