ঢাকাMonday , 8 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ 


June 8, 2026 9:35 pm
Link Copied!


প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ঢাকা সফররত মহাসচিব অ্যাম্বাসাডর ওহ সং। 

সোমবার (৮ জুন) বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং আইসিএপিপি ও বিএনপির মধ্যকার সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী  আমিন এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। 

বৈঠকে আইসিএপিপির মহাসচিব বিএনপিকে সংস্থাটির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আমন্ত্রণ জানান। তিনি জুনের শেষ সপ্তাহে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির পরবর্তী বৈঠকে বিএনপির অংশগ্রহণ কামনা করেন। একই সঙ্গে তিনি আগামী নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ পরিষদে বিএনপির প্রতিনিধিদলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। 

বৈঠকে বিএনপি নেতারা আইসিএপিপি মহাসচিবের এই আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন যে, আইসিএপিপির এই প্ল্যাটফর্ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে এই অঞ্চলে শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার অধিকতর সুযোগ সৃষ্টি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। 

উভয় পক্ষই ভবিষ্যতে বিএনপি ও আইসিএপিপির মধ্যকার সহযোগিতা আরও সম্প্রসারণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





Source link

🔴 LIVE