ব্যাংকিং খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং সুশাসন নিশ্চিত করতে সরকার নানামুখী সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এর অংশ হিসেবে পাঁচটি সমস্যাপীড়িত ইসলামি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে। একইসঙ্গে আমানতকারীদের আস্থা বাড়াতে সুরক্ষিত আমানতের সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
লুৎফর রহমান জানতে চান, ব্যাংকিং খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার কোনও বিশেষ পদক্ষেপ নিয়েছে কিনা।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার একটি সুসংগঠিত ও বহুমাত্রিক রেজল্যুশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এর আইনি ভিত্তি হিসেবে ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ কার্যকর করা হয়েছে। এই কাঠামোর আওতায় পাঁচটি সমস্যাপীড়িত ইসলামি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে, যা ব্যাংক খাত সংস্কারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ
তিনি আরও জানান, ‘আমানত সুরক্ষা আইন, ২০২৬’-এর মাধ্যমে আমানতকারীদের সুরক্ষিত আমানতের পরিমাণ সর্বোচ্চ এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকায় উন্নীত করা হয়েছে। আগে ফাইন্যান্স কোম্পানিগুলোর আমানতকারীরা এই সুরক্ষার বাইরে থাকলেও বর্তমানে তাদেরও এর আওতায় আনা হয়েছে।
খেলাপি ঋণ আদায় ও ঋণশৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ
অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ আদায় এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে— ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপিদের (উইলফুল ডিফল্টার) শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরপিডি সার্কুলার জারি;
খেলাপি ও ইচ্ছাকৃত খেলাপিদের তালিকা প্রকাশের উদ্যোগ;
একজন ঋণগ্রহীতা ব্যাংকিং খাত থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন, তার সীমা নির্ধারণ;
এক হাজার কোটি টাকার বেশি অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের ওপর চাপ কমাতে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের নির্দেশনা;
খেলাপিরা যাতে উচ্চ আদালতে রিট করে ঋণ আদায় কার্যক্রম স্থগিত করতে না পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় আইনি উদ্যোগ;
অর্থ ঋণ আদালতের বিচারক প্যানেল বা জুরি বোর্ডে অভিজ্ঞ ব্যাংকারদের অন্তর্ভুক্তির পরিকল্পনা;
বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) গঠনের জন্য আইন প্রণয়নের উদ্যোগ;
নিয়মিত ঋণ পরিশোধকারী ভালো গ্রাহকদের জন্য প্রণোদনা নীতিমালা হালনাগাদ।
এছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমে আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে প্রতিটি ব্যাংকের খেলাপি ঋণের অন্তত ১ শতাংশ নগদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণ আদায়ের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। যেসব ব্যাংকে খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি, সেগুলোর জন্য বিশেষ মনিটরিং টিমও গঠন করা হয়েছে।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, সুস্পষ্ট আইনি কাঠামো, স্বচ্ছ রেজল্যুশন প্রক্রিয়া এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার নিশ্চয়তা—এই তিনটি বিষয় ব্যাংকিং খাতে আমানতকারী ও অংশীজনদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে।