ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অনুষ্ঠান আয়োজনের দক্ষতা দিয়েই গড়া যায় নিজের ক্যারিয়ার


August 24, 2026 8:50 am
Link Copied!


একটি জমকালো বিয়ে, করপোরেট কনফারেন্স কিংবা বিশ্ববিদ্যালয়ের বড় কোনো মিডিয়া ফেস্ট বা কনসার্ট। দর্শকের চোখে এসব আয়োজন যতটা ঝলমলে ও গোছানো মনে হয়, এর পেছনে থাকে দীর্ঘদিনের পরিকল্পনা, অসংখ্য মানুষের সমন্বিত প্রচেষ্টা এবং নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার গল্প। একটি সফল অনুষ্ঠান শেষ হওয়ার পর অতিথিরা যখন আনন্দের স্মৃতি নিয়ে বাড়ি ফেরেন, তখন আয়োজকদের কাজের বড় একটি অংশই থেকে যায় পর্দার আড়ালে।

পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত পুরো আয়োজনের দায়িত্ব যারা সামলান, তারাই মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট পেশার সঙ্গে যুক্ত। পরিবর্তিত সময়ে ইভেন্ট ম্যানেজমেন্ট শুধু চাকরি নয়, তরুণদের জন্য স্বাধীন পেশা ও উদ্যোক্তা হওয়ার একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবেও জায়গা করে নিয়েছে।

ইভেন্ট ম্যানেজমেন্টের বিস্তৃত কর্মক্ষেত্র

একসময় ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে মূলত বিয়ে, গায়ে হলুদ বা পারিবারিক অনুষ্ঠানের আয়োজনকেই বোঝানো হতো। তবে সময়ের সঙ্গে এই খাতের পরিধি অনেক বেড়েছে। এখন ব্যক্তিগত অনুষ্ঠান থেকে শুরু করে বড় করপোরেট আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কার্যক্রমেও ইভেন্ট ম্যানেজমেন্টের প্রয়োজন হচ্ছে।

করপোরেট ইভেন্ট: পণ্য উন্মোচন, বার্ষিক সম্মেলন, ডিলার মিট, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, করপোরেট ডিনারসহ বিভিন্ন আয়োজন পরিচালনা করা হয় এই খাতের মাধ্যমে।

একাডেমিক ও সাংস্কৃতিক আয়োজন: বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফেস্ট, কনসার্ট, মিডিয়া ফেস্ট, বিতর্ক প্রতিযোগিতা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের বড় অংশজুড়ে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট।

সামাজিক ও ব্যক্তিগত অনুষ্ঠান: বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী, গায়ে হলুদসহ নানা পারিবারিক অনুষ্ঠানও এখন পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হচ্ছে।

পর্দার আড়ালে যত কাজ

একটি ইভেন্টের মূল অনুষ্ঠান হয়তো কয়েক ঘণ্টা স্থায়ী হয়, কিন্তু সেটিকে সফলভাবে আয়োজন করতে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করতে হয়। বাজেট নির্ধারণ থেকে শুরু করে ভেন্যু নির্বাচন, অতিথি ব্যবস্থাপনা, সাজসজ্জা, প্রযুক্তিগত প্রস্তুতি এবং প্রচারণা, সবকিছুর সমন্বয় করতে হয়।

বাজেট ও অর্থ ব্যবস্থাপনা

একটি ইভেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজেট। কত টাকা খরচ হবে, কোথায় কত বরাদ্দ থাকবে, স্পন্সর বা ক্লায়েন্টের কাছ থেকে কত অর্থ আসবে এবং কীভাবে সেই অর্থ সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করা হবে, তা আগে থেকেই পরিকল্পনা করতে হয়।

ভেন্যু, খাবার, ডেকোরেশন, সাউন্ড, লাইটিং, পরিবহন এবং প্রচারণার মতো প্রতিটি খাতে ব্যয়ের হিসাব রাখতে হয়। বাজেট ব্যবস্থাপনায় ভুল হলে ভালো পরিকল্পনাও শেষ পর্যন্ত সমস্যায় পড়তে পারে।

ভিজ্যুয়াল প্রচারণা ও ব্র্যান্ডিং

বর্তমান ডিজিটাল সময়ে একটি ইভেন্টকে মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারণার গুরুত্ব অনেক বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইভেন্ট কার্ড, পোস্টার, ব্যানার, ভিডিও, থাম্বনেইলসহ বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করতে হয়।

এ ক্ষেত্রে ক্যানভার মতো ডিজাইনিং টুল ব্যবহার করে দ্রুত ও আকর্ষণীয় কনটেন্ট তৈরির দক্ষতা একজন ইভেন্ট ম্যানেজারের কাজকে আরও সহজ করে দিতে পারে। একই সঙ্গে একটি ইভেন্টের জন্য নির্দিষ্ট ভিজ্যুয়াল পরিচয় তৈরি করাও গুরুত্বপূর্ণ।

লজিস্টিকস ও ভেন্ডর ব্যবস্থাপনা

একটি অনুষ্ঠানের পেছনে একাধিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি কাজ করেন। ডেকোরেশন, সাউন্ড সিস্টেম, লাইটিং, ক্যাটারিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিংবা স্টেজ ব্যবস্থাপনা; প্রতিটি ক্ষেত্রেই আলাদা টিম বা ভেন্ডরের সঙ্গে সমন্বয় করতে হয়।

ইভেন্ট ম্যানেজারের অন্যতম দায়িত্ব হলো সবাইকে নির্ধারিত সময় ও পরিকল্পনা অনুযায়ী কাজ করানো। একটি টিম সময়মতো কাজ না করলে তার প্রভাব পুরো আয়োজনের ওপর পড়তে পারে।

সংকট মোকাবিলার দক্ষতা

পরিকল্পনা যত নিখুঁতই হোক, ইভেন্টের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া, সাউন্ড সিস্টেমে সমস্যা, অতিথির দেরিতে আসা, সরঞ্জাম সময়মতো না পৌঁছানো কিংবা আবহাওয়ার পরিবর্তন—যেকোনো কিছুই ঘটতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং বিকল্প ব্যবস্থা তৈরি করাই একজন দক্ষ ইভেন্ট ম্যানেজারের বড় গুণ। তাই এই পেশায় শুধু সৃজনশীলতা নয়, চাপের মধ্যে ঠান্ডা মাথায় কাজ করার সক্ষমতাও প্রয়োজন।

চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগ

ইভেন্ট ম্যানেজমেন্টের অন্যতম আকর্ষণ হলো, এই খাতে অভিজ্ঞতা অর্জনের পর নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে। শুরুতেই বড় অফিস বা বিপুল বিনিয়োগের প্রয়োজন হয় না। বরং দক্ষতা, পরিচিতি, ভালো নেটওয়ার্ক এবং কাজের মান অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

অনেকে প্রথমে কোনো প্রতিষ্ঠানে কাজ করে ইভেন্ট আয়োজনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এরপর কয়েকজন সমমনা বন্ধু বা সহকর্মীকে নিয়ে ছোট পরিসরে নিজেদের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন।

শুরুটা হতে পারে পরিচিত কারও বিয়ে, জন্মদিন কিংবা ছোট কোনো করপোরেট অনুষ্ঠানের মাধ্যমে। ধীরে ধীরে কাজের মান, সময়ানুবর্তিতা ও পেশাদারিত্বের মাধ্যমে ক্লায়েন্টের আস্থা অর্জন করা গেলে বড় করপোরেট ও প্রাতিষ্ঠানিক আয়োজনের সুযোগও তৈরি হতে পারে।

কার জন্য এই পেশা

ইভেন্ট ম্যানেজমেন্ট এমন একটি পেশা, যেখানে প্রতিদিনের কাজের ধরন একই থাকে না। নতুন ক্লায়েন্ট, নতুন অনুষ্ঠান, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ এবং নতুন চ্যালেঞ্জ; সবকিছু মিলিয়ে কাজের অভিজ্ঞতাও বৈচিত্র্যময়।

যারা মানুষের সঙ্গে যোগাযোগ করতে ভালোবাসেন, নেতৃত্ব দিতে পারেন, সৃজনশীলভাবে সমস্যা সমাধান করতে পছন্দ করেন এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা রাখেন, তাদের জন্য এই পেশা উপযোগী হতে পারে।

বিশেষ করে তরুণদের জন্য এটি চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় তৈরি করার একটি সম্ভাবনাময় ক্ষেত্র। তবে এই পেশায় সাফল্যের জন্য শুধু আইডিয়া থাকলেই হবে না। প্রয়োজন সময় ব্যবস্থাপনা, বাজেট পরিচালনা, যোগাযোগ দক্ষতা, দল পরিচালনা এবং ক্লায়েন্টের আস্থা ধরে রাখার সক্ষমতা।

ভবিষ্যতের সম্ভাবনা

সামাজিক ও করপোরেট জীবনে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তাও বাড়ছে। মানুষ এখন শুধু অনুষ্ঠান আয়োজন করতে চায় না, বরং সেটিকে আরও পরিকল্পিত, আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে চায়।

এই পরিবর্তিত চাহিদাই ইভেন্ট ম্যানেজমেন্টকে একটি সম্ভাবনাময় সেবা খাতে পরিণত করছে। প্রযুক্তির ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণা এবং পেশাদার ব্যবস্থাপনার সমন্বয়ে এই খাতে নতুন উদ্যোক্তাদের জন্যও সুযোগ তৈরি হচ্ছে।

একটি সফল ইভেন্টের পেছনে শুধু সুন্দর ডেকোরেশন বা বড় বাজেট থাকে না। থাকে নিখুঁত পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তা, দলগত কাজ এবং শেষ মুহূর্তের সমস্যাও সামলে নেওয়ার সক্ষমতা। তাই গতানুগতিক চাকরির বাইরে এসে নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে কিছু করতে চান যাঁরা, তাঁদের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট হতে পারে সম্ভাবনাময় একটি ক্যারিয়ার ও উদ্যোক্তা হওয়ার পথ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html