বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। ভারতীয় হাইকমিশনারের এমন স্বীকৃতিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন বিষয়ে ভারতীয় হাইকমিশনারের প্রতিক্রিয়া কী ছিল জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি শুনেছেন। আমার কাছে মনে হয়েছে, তিনি স্বীকার করেন যে আমাদের মধ্যে কিছু ইস্যু আছে। এটাকে আমি ইতিবাচক বিষয় হিসেবে দেখি।’
তবে এসব বিষয় থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর ওপর ভারতীয় হাইকমিশনার গুরুত্ব দিয়েছেন বলেও জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, ‘তিনি সম্পর্ক তৈরি এবং এনগেজমেন্টের ব্যাপারে জোর দিয়েছেন। আমিও আমার সরকার ও জনগণকে প্রতিনিধিত্ব করে বোঝানোর চেষ্টা করেছি। কিছু বিষয়ে বাংলাদেশের মানুষের সংবেদনশীলতা আছে এবং ভারতের পক্ষ থেকে কিছু ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ।’ উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনের পরবর্তী পরিস্থিতির কথা তুলে ধরেন।
তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার একটি প্রেস কনফারেন্স নিয়ে বাংলাদেশে ক্ষোভ তৈরি হয়েছিল। এরপর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি প্রেস কনফারেন্স বাতিল হয়েছিল। এ ধরনের কিছু ভুমিকা গুরুত্বপূর্ণ।’
তিনি আশা প্রকাশ করেন, ভারতীয় হাইকমিশনার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান সংবেদনশীল বিষয়গুলো নিয়ে কাজ করবেন।