ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রতিষ্ঠানের সংকট সামলানোও হতে পারে ক্যারিয়ার


September 17, 2026 11:15 am
Link Copied!


কোনো প্রতিষ্ঠান হঠাৎ বিতর্কে জড়িয়ে পড়লে, বড় ধরনের ভুলের অভিযোগ উঠলে কিংবা কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জনমনে ক্ষোভ তৈরি হলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট, কর্মীর কোনো বক্তব্য, গ্রাহকের অভিযোগ বা গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনও কখনও প্রতিষ্ঠানের সুনামকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে।

এ ধরনের সংকটে শুধু নীরব থাকা বা একটি বিবৃতি প্রকাশ করাই যথেষ্ট নয়। কীভাবে দ্রুত সঠিক তথ্য জানাতে হবে, ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং প্রতিষ্ঠানের ভুল থাকলে তা স্বীকার করে সমাধানের পথ দেখাতে হবে—এসব কাজের জন্য প্রয়োজন বিশেষ দক্ষতাসম্পন্ন পেশাজীবী। এই জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ক্রাইসিস কমিউনিকেশন স্পেশালিস্ট বা সংকটকালীন যোগাযোগ বিশেষজ্ঞের ভূমিকা।

ক্রাইসিস কমিউনিকেশন কী?

ক্রাইসিস কমিউনিকেশন হলো কোনো সংকট, বিতর্ক, দুর্ঘটনা বা জনসংযোগ বিপর্যয়ের সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তথ্য আদান-প্রদান ও যোগাযোগ পরিচালনার একটি কৌশল। এর লক্ষ্য শুধু প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করা নয়; বরং সঠিক তথ্য দেওয়া, ভুল বোঝাবুঝি কমানো, ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা এবং পরিস্থিতির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ন্ত্রণ করা।

একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে ক্রাইসিস কমিউনিকেশন বিশেষজ্ঞ প্রথমে পরিস্থিতির ধরন বোঝেন। অভিযোগটি সত্য কি না, কারা ক্ষতিগ্রস্ত, কোন তথ্য প্রকাশ করা যায়, কোন বিষয় তদন্তাধীন এবং গণমাধ্যম বা সাধারণ মানুষের প্রধান প্রশ্নগুলো কী—এসব বিষয় বিশ্লেষণ করা হয়।

এরপর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, আইন বিভাগ, মানবসম্পদ, জনসংযোগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে যোগাযোগের পরিকল্পনা তৈরি করা হয়।

কী ধরনের কাজ করতে হয়?

সংকটের সময় এই পেশাজীবীদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তবে দ্রুততার পাশাপাশি তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বজায় রাখাও জরুরি। তাদের কাজের মধ্যে রয়েছে, সংকটের ধরন ও সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা; গণমাধ্যমের প্রশ্নের জন্য বক্তব্য ও বিবৃতি প্রস্তুত করা; সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার ও আনুষ্ঠানিক যোগাযোগ পরিচালনা করা; সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা; গুজব বা ভুল তথ্যের জবাব দেওয়া; প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মীদের সঠিক তথ্য জানানো; ক্ষতিগ্রস্ত গ্রাহক, কর্মী বা অংশীজনের সঙ্গে যোগাযোগ রাখা; সংকট মোকাবিলায় ব্যবস্থাপনার জন্য পরামর্শ দেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা প্রভৃতি।

উদাহরণ হিসেবে, কোনো প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারে গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে ক্রাইসিস কমিউনিকেশন বিশেষজ্ঞকে একদিকে গ্রাহকের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে হয়, অন্যদিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা স্পষ্টভাবে জানাতে হয়। শুধু আত্মপক্ষ সমর্থন না করে বাস্তব সমাধান তুলে ধরা এখানে গুরুত্বপূর্ণ।

কোন দক্ষতা প্রয়োজন?

এই পেশায় সফল হতে হলে যোগাযোগের দক্ষতার পাশাপাশি সংকট বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। কারণ সংকটের সময় অনেক তথ্য অসম্পূর্ণ থাকতে পারে, আবার প্রতিটি বক্তব্যের প্রভাবও হতে পারে বড়।

প্রয়োজনীয় দক্ষতাগুলোর মধ্যে রয়েছে, লেখালেখি ও বক্তব্য প্রস্তুতি: প্রেস বিজ্ঞপ্তি, বিবৃতি, প্রশ্নোত্তর, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং বক্তৃতা তৈরি করতে জানতে হবে।

গণমাধ্যম ব্যবস্থাপনা: সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া, সাক্ষাৎকার সমন্বয় করা এবং গণমাধ্যমের কাজের ধরন বোঝা জরুরি।

দ্রুত ও নির্ভুল তথ্য যাচাই: কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা নিশ্চিত করতে হবে। অনুমান বা যাচাইহীন বক্তব্য সংকট আরও বাড়িয়ে দিতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ: কোন অভিযোগ দ্রুত ছড়াচ্ছে, মানুষের প্রতিক্রিয়া কী এবং কোথায় ভুল তথ্য তৈরি হচ্ছে—এসব বুঝতে সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণের দক্ষতা প্রয়োজন।

মানসিক স্থিরতা ও কূটনৈতিক যোগাযোগ: উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শান্ত থাকা, ক্ষুব্ধ মানুষের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলা এবং বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় করা এ পেশার গুরুত্বপূর্ণ অংশ।

নৈতিকতা ও স্বচ্ছতা: প্রতিষ্ঠানের ভুল থাকলে তা গোপন না করে যথাযথভাবে স্বীকার করা এবং বাস্তব পদক্ষেপ জানানো দীর্ঘমেয়াদি আস্থা তৈরিতে সহায়ক।

কোথায় কাজের সুযোগ রয়েছে?

বড় করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি, গণমাধ্যম প্রতিষ্ঠান এবং জনসংযোগ সংস্থায় ক্রাইসিস কমিউনিকেশন বিশেষজ্ঞদের কাজের সুযোগ রয়েছে।

অনেক প্রতিষ্ঠানে এই দায়িত্ব জনসংযোগ, করপোরেট কমিউনিকেশন বা ব্র্যান্ড ব্যবস্থাপনা বিভাগের অধীনে থাকে। আবার বিশেষায়িত জনসংযোগ প্রতিষ্ঠান বিভিন্ন ক্লায়েন্টের সংকট মোকাবিলায় পরামর্শ দিয়ে থাকে।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে কোনো ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানগুলো আগের চেয়ে বেশি প্রস্তুত থাকতে চাইছে। ফলে সংকটের সময় যোগাযোগ পরিকল্পনা তৈরি, ঝুঁকি শনাক্ত করা এবং অনলাইন প্রতিক্রিয়া ব্যবস্থাপনার দক্ষতার গুরুত্বও বাড়ছে।

কীভাবে প্রস্তুতি নেওয়া যায়?

সাংবাদিকতা, গণযোগাযোগ, জনসংযোগ, মার্কেটিং, ব্যবসায় প্রশাসন, আইন বা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা এ পেশার জন্য প্রস্তুতি নিতে পারেন। তবে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়। সংবাদ লেখা, গণমাধ্যম বিশ্লেষণ, জনসংযোগ পরিকল্পনা, উপস্থাপনা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানের সংকট মোকাবিলার ঘটনা বিশ্লেষণ করে অনুশীলন করা যেতে পারে। একটি কাল্পনিক সংকট ধরে প্রেস বিবৃতি, প্রশ্নোত্তর, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং গণমাধ্যমের জন্য বক্তব্য তৈরির চর্চাও কার্যকর।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html