বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানি রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ূন কবিরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে উভয়পক্ষের মতামত নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, কৃষি, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অংশীদারত্ব আরও গভীর করতে উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রদূত জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, সার, জাহাজ নির্মাণ, সামুদ্রিক জাহাজ চলাচল এবং দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার জন্য উচ্চ পর্যায়ের সফরের বিষয়ে আলোচনা করেন।