ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি হওয়া যাবে


October 20, 2026 10:05 am
Link Copied!


রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করার সুযোগ রেখেছে সরকার। বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও সুনাম বিবেচনায় উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও কোনও কর্মকর্তাকে এমডি পদে নিয়োগের জন্য বিবেচনা করা যাবে।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নতুন নীতিমালার মাধ্যমে গত ২৬ জুলাই জারি করা আগের নীতিমালাটি বাতিল করা হয়েছে।

এমডি হতে লাগবে ২০ বছরের অভিজ্ঞতা

নতুন নীতিমালা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি বা সিইও পদে নিয়োগ পেতে প্রার্থীকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয় কর্মকর্তা হিসেবে অন্তত ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। পাশাপাশি তাকে বর্তমানে বা অতীতে কোনও ব্যাংকের এমডি বা সিইও হিসেবে দায়িত্ব পালন করতে হবে। বিকল্প হিসেবে এমডি পদের অব্যবহিত আগের পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও সুনামসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে। ফলে ডিএমডি পদে দুই বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা না থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে এমডি পদে নিয়োগের জন্য বিবেচনা করা সম্ভব হবে।

শিক্ষাগত যোগ্যতা ও সততার শর্ত

এমডি পদে নিয়োগের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনও পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া চাকরিজীবনের সব পর্যায়ে সততা, সুনাম ও সন্তোষজনক কর্ম-রেকর্ড থাকতে হবে। ব্যাংক পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলার বিষয়ে পর্যাপ্ত জ্ঞানও থাকতে হবে প্রার্থীর।

যেভাবে নিয়োগ দেওয়া হবে

নতুন নীতিমালায় এমডি নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটির সুপারিশের পাশাপাশি প্রার্থীর গোয়েন্দা প্রতিবেদন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন পর্যালোচনার বিধান রাখা হয়েছে।

বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে।

এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ হবে তিন বছর। প্রয়োজনে সরকার ও সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে পুনর্নিয়োগের বিষয়টি বিবেচনা করা যাবে।

বিশেষায়িত ব্যাংকে শর্ত অপরিবর্তিত

রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্তে কোনও পরিবর্তন আনা হয়নি। এসব প্রতিষ্ঠানে এমডি হতে হলে ডিএমডি পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতাসহ নবম গ্রেড থেকে কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

অর্থাৎ ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও এমডি পদে নিয়োগের যে সুযোগ রাখা হয়েছে, তা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগের অভিজ্ঞতার শর্তই বহাল থাকছে।

একাধিক ব্যাংকে এমডি পদে পরিবর্তন 

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের মধ্যে নতুন নিয়োগ নীতিমালা জারি করলো সরকার।

গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এরপর থেকে এসব পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

এদিকে গত ১৯ অক্টোবর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি পদেও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা রয়েছে।

এমন পরিস্থিতিতে নতুন নীতিমালার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিলের সুযোগ তৈরি হলো। এর ফলে নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা নেই— এমন কর্মকর্তারাও এমডি পদের জন্য বিবেচিত হতে পারবেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html