ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান, চাপ বাড়ছে এটিএম বুথে


October 20, 2026 11:30 am
Link Copied!


শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। একই সময়ে বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজারের লেনদেনও। এতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হওয়ায় নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের এটিএম বুথের ওপর নির্ভর করতে হবে। ফলে ছুটির সময়ে এটিএম বুথে গ্রাহকের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২০-২২ অক্টোবর) পর্যন্ত শারদীয় দুর্গাপূজার ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রবিবার (২৫ অক্টোবর) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

ছুটির আগে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে গত শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলা রাখা হয়েছিল। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।

ব্যাংক বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলনসহ নির্ধারিত সেবা চালু থাকবে। তবে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকায় নগদ টাকার চাহিদা বাড়তে পারে। এতে বিশেষ করে ব্যস্ত এলাকার এটিএম বুথে গ্রাহকের ভিড় বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় গ্রাহকদের প্রয়োজনীয় নগদ টাকা আগেভাগে তুলে রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে ব্যাংক বন্ধ থাকার কারণে একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন ও নিষ্পত্তি কার্যক্রম সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ছুটি শেষে আগামী রবিবার থেকে দুই শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে।

তবে ছুটির মধ্যেও আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রফতানি সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ জন্য স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।

গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে। একই সঙ্গে ছুটির সমন্বয় করতে গত ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

সব মিলিয়ে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় এ সময়ে নগদ টাকা উত্তোলন ও জরুরি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের আগাম পরিকল্পনা করে চলতে হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html