কুমিল্লার লালমাইয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে যুবদলের দুই কর্মী ও স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিন জন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাগমারা এলাকার ভূশ্চি বাজারে এ ঘটনা ঘটে।
লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল নিয়ে মূল অনুষ্ঠানে যোগ দিতে লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে ভূশ্চি বাজার এলাকায় পৌঁছালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সমর্থক ও নেতাকর্মীরা মিছিলটিতে হামলা চালান।
এ ঘটনায় যুবদল কর্মী মামুন ও আলমগীর এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল আহত হন।
তবে ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু। তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছিলেন। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে মোজাম্মেলসহ কয়েকজন সেখানে এসে তর্কে জড়ান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে একজন আহত হন।
এ বিষয়ে লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘মিছিলের ছোট ছোট ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি।’