ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু


November 2, 2026 1:40 am
Link Copied!


বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (প্যাকাফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। মহড়ায় দুই দেশের বিমান বাহিনীর মোট ১৩৮ জন সদস্য অংশ নিয়েছেন। এতে সামরিক পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঘাঁটির সুরক্ষা এবং জরুরি উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।

রবিবার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়ার উদ্বোধন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা।

বিমান বাহিনী জানায়, যৌথ এ মহড়ার মূল লক্ষ্য দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আন্তঃসক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতার উন্নয়ন। বিশেষ করে সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং কার্যপদ্ধতির মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

মহড়ায় অ্যাভিয়েশন সেফটি, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ (হ্যাজমেট), অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, আকাশপথে পণ্য পরিবহন ও কার্গো হ্যান্ডলিং, বিমানঘাঁটির প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং দুর্ঘটনাকবলিত বিমান থেকে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের ওপর বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা রাখা হয়েছে।

পাঁচ দিনের এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশগ্রহণ করছেন।

আইএসপিআর জানায়, যৌথ মহড়ার মাধ্যমে উভয় দেশের সদস্যরা নিজ নিজ বাহিনীর কার্যপদ্ধতি, প্রযুক্তিগত অভিজ্ঞতা এবং সর্বোত্তম অনুশীলন সম্পর্কে ধারণা বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে সি-১৩০ পরিবহন বিমানের পরিচালন ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যৎ কার্যক্রমে পারস্পরিক সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html