ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী

UttorbongoBD
November 5, 2026 4:40 pm
Link Copied!


শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ডেমরায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সম্পর্ক আরও শক্তিশালী করেছেন। ভবিষ্যতে শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। ওই সফরে শিক্ষা ও বহুমুখী খাতের উন্নয়নে বিভিন্ন সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর ধারাবাহিকতায় বেইজিং এগ্রিমেন্ট স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের শিক্ষা সহযোগিতার পথ আরও সম্প্রসারিত হয়। শামসুল হক খান স্কুলে চীনের কমিউনিস্ট পার্টির এই উপহার দুই দেশের বন্ধুত্বেরই নিদর্শন।

চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং বলেন, বাংলাদেশ চীনের প্রতিবেশী দেশ। দেশটির সঙ্গে চীনের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। স্মার্ট ক্লাসরুমের এই উপহার ডিজিটাল বিশ্বে বাংলাদেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করবে। এটি চীন, দেশটির জনগণ এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন।

অনুষ্ঠানে মোট ২৮টি ক্যাটাগরিতে আধুনিক সরঞ্জাম ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে দুটি আধুনিক স্মার্ট ক্লাসরুম, ৫০টি ডেস্কটপ কম্পিউটার, ৪৮ সেট শিক্ষার্থীদের ডেস্ক ও চেয়ার এবং একটি হুয়াওয়ে স্মার্টবোর্ড। এছাড়া চার সেট এয়ার কন্ডিশনার, ওয়ার্ম ওয়াটার পট, পেনসিল বক্স, নোটবুক ও বিভিন্ন খেলাধুলার সামগ্রী দেওয়া হয়।

চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি এসব উপহার দিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল শিক্ষা, চীনা ভাষা শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর পাঠদান এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউজিন, চীনের কমিউনিস্ট পার্টির নেতারা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html