ঘর সাজাতে দামি মোমবাতি কেনার প্রয়োজন নেই। হাতের কাছে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারেন বাহারি মোমবাতি। বসার ঘরের সেন্টার টেবিল, খাবার টেবিল কিংবা জানলার ধারে কাচের গ্লাসে সাজানো রঙিন এই আলো ঘরের সাজে আনবে নতুন মাত্রা। সবচেয়ে মজার বিষয়, তৈরি করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট। অল্প সময়ের এই সহজ ডিআইওয়াই কৌশলে ঘরের সাজে যোগ হবে নতুনত্ব, তৈরি হবে মনোরম পরিবেশ।
প্রথমে পছন্দের একটি স্বচ্ছ কাচের গ্লাস নিন। তাতে গোলাপ বা অন্য কোনও ফুলের পাপড়ি দিয়ে অর্ধেকের বেশি পানি ভরে দিন। পানিতে মিশিয়ে দিন পছন্দের রং। চাইলে সামান্য গ্লিটারও ব্যবহার করতে পারেন। এবার পানিরর উপরে ধীরে ধীরে দুই টেবিল চামচ সাদা তেল, নারকেল তেল বা বেবি অয়েল ঢেলে দিন। তেল পানির উপরে ভেসে থাকবে।
এরপর মোটা প্লাস্টিকের শিট বা ফয়েল পেপার থেকে গ্লাসের মুখের তুলনায় ছোট একটি গোল টুকরো কেটে নিন। মাঝখানে ছোট ছিদ্র করে তাতে মোমবাতির সলতে বসিয়ে দিন। সলতেসহ টুকরোটি আলতো করে তেলের স্তরের উপর রাখলেই তৈরি ঘরোয়া তেলের বাতি। সলতে জ্বালালে কাচের গ্লাসের ভেতরের রঙিন পানি ও ফুলের পাপড়ির সঙ্গে আলো মিলে তৈরি করবে সুন্দর আবহ।
একই ভাবে কয়েকটি গ্লাসে আলাদা আলাদা রং ব্যবহার করে সাজাতে পারেন ঘরের বিভিন্ন কোণ। তবে আগুনের ব্যবহার থাকায় গ্লাসগুলি সমতল ও তাপ-সহনশীল জায়গায় রাখুন। পর্দা, কাগজ বা অন্য দাহ্য বস্তু থেকে দূরে রাখুন এবং জ্বলন্ত বাতি কখনও নজরদারি ছাড়া ফেলে রাখবেন না।