ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মান্টোর অস্বস্তিকর সত্যের ছায়ায় ‘ঠাণ্ডা গোশত ২.০’

UttorbongoBD
June 24, 2026 7:55 pm
Link Copied!


ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর আলোচিত ছোটগল্প ‘ঠাণ্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠাণ্ডা গোশত ২.০’। নির্মাতা জুটি শাহ নেওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহুর যৌথ পরিচালনা ও প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে চলছে এর পোস্ট-প্রোডাকশনের কাজ।

গত ২১ জুন রাজধানীর বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। এতে অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমন আনোয়ার, আনিয়াহ আবদিয়াহ তাসনিম, ফাতেমা তুজ জোহরা ইভা এবং সিফাত বন্যা।

প্রযোজনা প্রতিষ্ঠান থিংক ট্যাংকার্স প্রোডাকশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি মান্টোর মূল গল্পের কোনো রিমেক বা রূপান্তর নয়। বরং তার সাহিত্যে উঠে আসা সহিংসতা, নৈতিক সংকট, অপরাধবোধ এবং মানবিক পতনের বিষয়গুলোকে সমকালীন বাংলাদেশের বাস্তবতায় নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।

চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে, এক সাধারণ মধ্যবিত্ত স্বামী ও বাবার অস্বাভাবিক আচরণের কারণ অনুসন্ধান করতে গিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় দীর্ঘদিন চাপা পড়ে থাকা এক ভয়াবহ সত্য। ব্যক্তিগত অপরাধ, অপরাধবোধ এবং তার পারিবারিক অভিঘাতকে ঘিরেই এগিয়েছে এর আখ্যান।

নির্মাতা শাহ নেওয়াজ খান সিজু বলেন, “আজ থেকে ৭৬ বছর আগে সাদাত হাসান মান্টো তৎকালীন অবিভক্ত ভারতীয় উপমহাদেশের সামাজিক বাস্তবতার যে নগ্ন প্রতিচ্ছবি ‘ঠাণ্ডা গোশত’ গল্পটির মাধ্যমে তুলে ধরেছিলেন, দুঃখজনকভাবে তা আজও বদলায়নি। দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গার বাস্তবতায় যেমন নারীরা নিরাপদ ছিল না, আজও এই স্বাধীন রাষ্ট্রে নারীরা নিরাপদ নয়। সাম্প্রতিক নারী ও শিশুনির্যাতনের ঘটনাগুলো আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রায় ছয় বছর ধরে এই গল্পটি নিয়ে ভাবছি। মান্টো যেমন তার সময়ের অস্বস্তিকর সত্যগুলো নির্ভীকভাবে তুলে ধরেছিলেন, আমরাও তেমনি আমাদের সময়ের গল্প বলতে চাই সৎ, আপসহীন ও নির্ভীকভাবে।”

অভিনেত্রী কাজী নওশাবা বলেন, “অভিনেত্রী হিসেবে চরিত্রটির মানসিক দ্বন্দ্ব ও রূপান্তর ধারণ করা আমার জন্য ভীষণ ভারী অভিজ্ঞতা ছিল। চরিত্রের ভেতরের ক্ষোভ, অসহায়ত্ব এবং স্তব্ধ হয়ে যাওয়ার অনুভূতি আমাকে গভীরভাবে আচ্ছন্ন করেছিল। শুটিং শেষ হওয়ার পরও সেই অনুভূতি সহজে কাটিয়ে উঠতে পারিনি।”

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন রায়হান উদ্দিন। ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে ছিলেন শাহ তুষার। সম্পাদনার দায়িত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সম্পাদক রাশাদুজ্জামান সোহাগ।

এর আগে আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মাতা সিজুর ওয়ান-শট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আ ফিকশন’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে সিজু ও মুহুর যৌথ নির্মাণ ‘ক্লাইমেট রিফিউজিস অব বাংলাদেশ’ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটিও বিভিন্ন উৎসবে স্বীকৃতি পেয়েছে।

অপর নির্মাতা সুমাইয়া আরজু মুহু বলেন, “এই সমাজ কখনোই নারীদের জন্য সহজ ছিল না। একজন নারী হিসেবে চরিত্রগুলোর মানসিক অবস্থান ও নীরব যন্ত্রণাগুলোকে বুঝে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আমরা চেষ্টা করেছি অত্যন্ত সংবেদনশীলতা ও দায়িত্ববোধের সঙ্গে বিষয়গুলো উপস্থাপন করতে, যাতে দর্শক ভুল বার্তা না পান; বরং সমাজের জরুরি বাস্তবতাগুলো নিয়ে নতুন করে ভাবার সুযোগ পান।”

পোস্ট-প্রোডাকশনের কাজ শেষে চলচ্চিত্রটি দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জমা দেওয়ার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে মুক্তির পরিকল্পনা রয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html