ঢাকার কেরাণীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করতে প্রধানমন্ত্রীর দফতরে প্রস্তাব পাঠিয়েছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে এতে সম্মতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিষ্ঠানটি ২০০৬ সালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে প্রতিষ্ঠিত হয়। এটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন পরিচালিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব পাঠায়। কিন্তু সে প্রস্তাব নাকচ করে দেন সরকারপ্রধান।
মায়ের নামে নামকরণের প্রস্তাব অনুমোদন না করে উল্টো এ বিষয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণ করার অনুশাসন দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের প্রস্তাবের নোটে এই বলে অনুশাসন দিয়েছেন যে, ‘যদি নতুন নামকরণ করতে হয়, তাহলে নতুন প্রতিষ্ঠান গড়তে হবে।’