ঢাকাThursday , 4 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’

uttorbongo bd
June 4, 2026 12:35 am
Link Copied!


যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাদের দুষছেন এনসিপির নেতাকর্মীরা। মূলত বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সমালোচনা ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে ক্ষুদ্ধ হয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা বা অভিযোগ দেননি এনসিপির নেতাকর্মীরা। তবে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

গত রবিবার (৩১ মে) গভীর রাতে বেনাপোল সাদীপুর সীমান্তে ‘কথিত বাংলাদেশিদের’ পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিজিবির কঠোর তৎপরতায় পুশইন করতে ব্যর্থ হয়। এর ফলে সীমান্তের শূন্যরেখায় ১০ থেকে ১৫ জনের এক দল নারী পুরুষ ও শিশু আটকে থাকে। এমন পরিস্থিতির মধ্যে বুধবার (৩ জুন) দুপুরে সাদীপুর সীমান্ত পরিদর্শনে আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরিদর্শন শেষে গাড়িতে উঠার সময়ে তার গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়। পরে গাড়ি বহরটি সাদীপুর মোড় হয়ে বেনাপোল চেকপোস্ট সড়কে প্রবেশ করতেই ঢিল মারা হয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে হামলায় চার জন আহত হয়েছেন। 

আহতরা হলেন- ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্ণব।

এদিকে হামলার পর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সাদীপুর সীমান্তের খড়ের মাঠের সড়কে বেশ কয়েকজন যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির উদ্দেশ্য ‘ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এরপর কয়েকটি ডিম নিক্ষেপ করে মাঠ দিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করেন। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে পেছন থেকে ঢিল মেরে গাড়ির জানালা ভেঙে পালিয়ে যেতে। 
এনসিপির কেন্দ্রীয় নেতার গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান দলটির অন্যশীর্ষ নেতারা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ও ছবি ভাইরাল হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর এই হামলার ছবি ও ভিডিও তার ফেসবুকে পোস্ট করে সমালোচনা করেন। তবে এ হামলার জন্য উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাদের দুষছেন এনসিপির নেতাকর্মীরা।

তাদের অভিযোগ, হামলার জন্য আগে থেকে সাদীপুর গেটে শার্শা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহায়মিনুল সাগরের নেতৃত্বে কমপক্ষে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অবস্থান নেন। এমনকি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন তারা। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর চামড়া তুলে নেওয়া’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। এ সময় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির নেতাকর্মীরা।

এনসিপির যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এই হামলা ছিলো পূর্বপরিকল্পিত। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে নানা উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছিল। বুধবারও বেনাপোলের মোড়ে মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। হামলার নেতৃত্ব দিয়েছেন ছাত্রদল নেতা মোহায়মিনুল সাগর। হামলার আগে অবস্থান নেওয়া ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর পুলিশকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ প্রক্রিয়াধীন। তাছাড়া ছাত্রদলের এই কুকীর্তি সারা জাতি দেখেছে। এই হামলার তীব্র প্রতিবাদ ও জড়িতদের আটকের আহ্বান জানাচ্ছি।’

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল বলেন, ‘তারা গাড়ির ভেতরে থাকায় কারও গায়ে ডিম লাগেনি। এরপর বেনাপোল স্থলবন্দর মোড় বাজারে পৌঁছালে সেখানে ছাত্রদলের নেতৃত্বে আবার হামলা চালানো হয়। হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলীয় শীর্ষনেতা ও মন্ত্রীদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময়ে সমালোচনা ও উসকানিমূলক বক্তব্য দিতেন। এতে ক্ষুদ্ধ দলটির নেতাকর্মীরা। বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারী কর্মসূচিতে দলটির নেতাদের নিয়ে কোনও বক্তব্য দিলে এ ধরনের হামলা করার ইঙ্গতপূর্ণ পোস্টও দিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহায়মিনুল সাগর বলেন, ‘সকালে আমরা বসে ছিলাম, কিন্তু সিনিয়র নেতৃবৃন্দর নির্দেশে ওখান থেকে সরেও আসি। পাটওয়ারীর বিরুদ্ধে কিছু কিছু ছেলে স্লোগান দিতে পারে; কিন্তু হামলার সঙ্গে আমাদের কোনও বা ছাত্রদলের কোনও কর্মীর সম্পৃক্ততা নেই। যারা অভিযোগ করছে; সেটা ভিত্তিহীন।’

বেনাপোল থানার ওসি আশরাফ হোসেন বলেন, ‘এ ধরনের কোনও হামলার ঘটনা ঘটেনি। কেউ কোনও অভিযোগও করেননি। এনসিপি নেতারা কীভাবে বলছেন, আমরা বুঝতে পারছি না।’





Source link