ঢাকাস্থ রাশিয়ান হাউসে সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসএএবি) ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪০০ ভোটার অংশ নেন।
শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে সংগঠনের ২২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
১৯৮২ সালের ৭ আগস্ট প্রতিষ্ঠিত এসএএবি বর্তমানে সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ৬ হাজারের বেশি সদস্যের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। সংগঠনের সদস্যরা শিক্ষা, বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা, গবেষণা, জনপ্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে আসছেন।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নবনির্বাচিত কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এবং মানবিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।
ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।
তিনি বলেন, এসএএবি দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং একাডেমিক ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাশিয়ান হাউস জানায়, এসএএবি এবং এর সদস্যদের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষা ও সরকারি বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের গ্র্যাজুয়েটদের দেশের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করা হয়।