প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১০৯.১০ টাকা থেকে কমিয়ে ১০০.৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১২টার পর থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আদেশে বলা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত ওই জ্বালানির নতুন দাম আজ ঘোষণা করা হয়েছে।
এর আগে সর্বশেষ ৩০ জুন ফার্নেস অয়েলের দাম সমন্বয় করা হয়। এরপর নতুন দাম ১ জুলাই থেকে কার্যকর হয়। সে সময় প্রতি লিটারের দাম ১১৩.৫৪ টাকা থেকে কমিয়ে ১০৯.১০ টাকা নির্ধারণ করা হয়। তার আগের মাসে লিটারে দাম বেড়েছিল ২৪ টাকা ৫৯ পয়সা।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করে। জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দাম নির্ধারণ অব্যাহত রেখেছে বিইআরসি।