সামাজিক যোগাযোগমাধ্যমে দিন দিন বৃদ্ধি পাওয়া ভুয়া অ্যাকাউন্ট, পরিচয় চুরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক বিভিন্ন প্রতারণা প্রতিরোধে এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এর অংশ হিসেবে ফেসবুকের সাধারণ ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে বিনামূল্যে একটি বিশেষ ‘ভেরিফায়েড ব্যাজ’ প্রদান শুরু করেছে সংস্থাটি। নতুন এই ব্যাজের মাধ্যমে সহজেই চিহ্নিত করা যাবে, কোনো অ্যাকাউন্ট কোনো সত্যিকারের ব্যক্তির নাকি এআই দিয়ে তৈরি প্রফাইল।
বর্তমানে চালু থাকা ‘মেটা ভেরিফায়েড’ সেবার জন্য মাসিক ফি দিতে হলেও নতুন এই ব্যাজটি পাওয়ার জন্য ব্যবহারকারীদের কোনো অর্থ খরচ করতে হবে না। তবে সুবিধাটি ঢালাওভাবে সবার জন্য উন্মুক্ত থাকবে না; ব্যাজটি পেতে হলে বেশ কিছু প্রাথমিক শর্ত পূরণ এবং সফলভাবে পরিচয় যাচাইকরণ (আইডেন্টিটি ভেরিফিকেশন) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ফেসবুকের নীতি অনুযায়ী, নিচের যেকোনো একটি শর্তের মধ্যে পড়লে বিনামূল্যের এই ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে না:
ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম হলে। অ্যাকাউন্টটি কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের দায়ে সীমাবদ্ধ বা অস্বাভাবিক হিসেবে চিহ্নিত থাকলে। অতীতে ভুয়া পরিচয় ব্যবহার, প্রতারণা কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডে লিপ্ত থাকার রেকর্ড থাকলে। অ্যাকাউন্টটি কোনো প্রফেশনাল মোড কিংবা ফেসবুক পেজ হলে। সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় সনাক্তকরণে ব্যর্থ হলে।
বিনামূল্যের এই ভেরিফায়েড ব্যাজ পেতে আগ্রহী ব্যবহারকারীকে প্রথমে নিজের একটি স্পষ্ট সেলফি ভিডিও তুলে জমা দিতে হবে। এরপর মেটার নিজস্ব প্রযুক্তি সেই সেলফি ভিডিওর সাথে অ্যাকাউন্টের ছবি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য মিলিয়ে নিশ্চিত করবে। তথ্য সঠিক প্রমাণিত হলেই অ্যাকাউন্টে যুক্ত হবে কাঙ্খিত ব্যাজটি।
নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর নতুন এই ভেরিফায়েড ব্যাজটি কেবল ব্যবহারকারীর মূল প্রোফাইলেই সীমাবদ্ধ থাকবে না। এটি ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন উন্মুক্ত গ্রুপ এবং ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মেও প্রফাইলের নামের পাশে প্রদর্শিত হবে। এতে লেনদেন বা যোগাযোগের ক্ষেত্রে অন্য সদস্যরা অ্যাকাউন্টটির বিশ্বস্ততা নিশ্চিত করতে পারবেন।
মেটা জানিয়েছে, ফিচারটি বর্তমানে নির্দিষ্ট কয়েকটি দেশে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় ইতিবাচক ফল মিললে পরবর্তীতে সারা বিশ্বের সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হবে।