পাবনা সদর উপজেলায় জমিতে জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের নবীন বাজার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো- দাশপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬) এবং শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭)। তারা তিন জনই স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়তো।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামটি পদ্মা নদীর তীরবর্তী। বৃষ্টি ও নদীর পানি বেড়ে গ্রামের ফসলের জমি ডুবে আছে। বেলা ২টার দিকে তিন শিশু জমির পানিতে গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, এ সময় প্রথমে কেউ একজন পানিতে ডুবে যায়। অন্য দুজন তাকে বাঁচাতে গেলে তারাও ডুবে যায়।
হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন তাদের খুঁজতে পানিতে নামেন। একপর্যায়ে অচেতন অবস্থায় তিন শিশুকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মরদেহ পুলিশ হেফাজতে আছে। পরিবারের কোনও অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’