ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি এবং অভিনেতা সাইফ আলি খানের বাবা প্রয়াত মনসুর আলি খান (টাইগার পতৌদি)। তার বায়োপিক তৈরি হলে সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন না জানালেন নায়ক।
এদিকে, এতদিনেও টাইগার পতৌদির বায়োপিক তৈরির বিষয়ে কেন কোনও বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি, তা নিয়ে মুখ খুললেন বলিপাড়ার ‘নবাব’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘কিছু বিষয় মনের এতটাই কাছাকাছি থাকে যে, সেগুলোকে ঘিরে সঠিক আর নিখুঁত কাজটাই মানুষ দেখতে চায়। শুধু বানানোর খাতিরে বানিয়ে ওই পরম অনুভূতির সঙ্গে কোনও আপস করতে চাই না। এক চোখের দৃষ্টি হারিয়েও যেভাবে উনি সমস্ত বাধা জয় করেছিলেন, সেই গল্পটা আমার কাছে একেবারে পবিত্র। এটা যেন ব্রুস লি-কে নিয়ে ছবি বানানোর মতো এক দায়িত্ব!’
সাইফ স্বীকার করেন, ‘টাইগার পতৌদির জীবনী পর্দায় এলে তার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করার বয়স আর সাইফের নেই। রসিকতা করে তিনি যোগ করেন, ‘হয়তো বাবার জীবনের শেষভাগের বা বয়স্ক বয়সের চরিত্রে আমি অভিনয় করতে পারি। তবে এটাও সত্যি, তার চালচলন বা চরিত্রটা কেমন করে ফুটবে—সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানবে না!’
প্রসঙ্গত, চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে ‘হাইওয়ান’সিনেমাটি। এতে তিনি দৃষ্টিহীন মার্শাল আর্ট শিল্পী ও গায়কের চরিত্রে অভিনয় করেছেন।