ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলা কিউআর পেমেন্টে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে টাকা যাবে তাৎক্ষণিক


September 17, 2026 9:10 pm
Link Copied!


বাংলাদেশে বাংলা কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেন আরও সহজ ও দ্রুত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে কোনও পেমেন্ট হলে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে তাৎক্ষণিকভাবে অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপের হোমপেজে সহজে চোখে পড়ে এমন স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরের (পিএসও) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

পেমেন্টের টাকা যাবে সঙ্গে সঙ্গে

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে সম্পন্ন হওয়া সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা করতে হবে।

এ ক্ষেত্রে আগে জারি করা পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের (পিএসডি) ২৪ নভেম্বর ২০২৫ তারিখের ১৪ নম্বর সার্কুলারে দেওয়া নির্দেশনাগুলো ওই তারিখ থেকে রহিত বলে গণ্য হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলা কিউআর-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করার পাশাপাশি মার্চেন্টদের পেমেন্ট গ্রহণে উৎসাহিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অ্যাপের হোমপেজেই থাকবে বাংলা কিউআর

ডিজিটাল পেমেন্ট আরও সহজ করতে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপেও পরিবর্তন আনতে হবে।

আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাংক, এমএফএস ও পিএসপি প্রতিষ্ঠানগুলোকে তাদের মোবাইল অ্যাপের হোমপেজের বোটম-সেন্টার পজিশন (Bottom-Center Position), অর্থাৎ মোবাইল স্ক্রিনে বৃদ্ধাঙ্গুলির (Thumb Zone) কাছাকাছি স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ২০২১ সালের নির্দেশনায় নির্ধারিত বাংলা কিউআর-এর লোগো অনুযায়ী এ আইকন প্রদর্শন করতে হবে।

এর ফলে গ্রাহককে অ্যাপের একাধিক মেনুতে গিয়ে কিউআর পেমেন্টের অপশন খুঁজতে হবে না; অ্যাপের হোমপেজ থেকেই বাংলা কিউআর পেমেন্টে যাওয়ার সুযোগ থাকবে।

স্ক্যানের পাশাপাশি ছবি আপলোড করেও পেমেন্ট

বাংলা কিউআরব্যবহারে আরও একটি নতুন সুবিধা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্যাংক, এমএফএস ও পিএসপিগুলোকে এমন ব্যবস্থা করতে হবে, যাতে গ্রাহক শুধু কিউআর কোড স্ক্যান করেই নয়, সংরক্ষিত বাংলা কিউআর-এর ছবি আপলোড করেও পেমেন্ট সম্পন্ন করতে পারেন।

অর্থাৎ কোনো মার্চেন্টের বাংলা কিউআর কোডের ছবি আগে থেকেই মোবাইলে সংরক্ষিত থাকলে সেটি অ্যাপে আপলোড করে পেমেন্ট করার সুযোগ থাকবে।

সব সঞ্চয়ী-চলতি হিসাব থেকেও কিউআর পেমেন্ট

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্যাংকের সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীকে মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা নিশ্চিত করতে হবে।

এ সুবিধার আওতায় কার্ড হিসাবধারীরাও থাকবেন।

অর্থাৎ ব্যাংকের কার্ড থাকা বা না থাকার বিষয়টি আলাদা না করে সংশ্লিষ্ট সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহকদের মোবাইল অ্যাপ থেকেই বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্ট করার ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এসব নির্দেশনা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর স্বাক্ষরিত সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসওকে এসব নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html