বিয়ের পর থেকে মানবসেবায় মন দিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত ফেব্রুয়ারি মাসে রাজকীয় বিয়ের পর দেশজুড়ে বিভিন্ন মন্দিরে অন্নদান ও মিষ্টি বিতরণের আয়োজন করেছিলেন তিনি।
এবার চারশো পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এটি জানান।
অভিনেত্রীর কথায়, ‘মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় কিছু করার প্রয়োজন নেই। ছোট কোনও উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।’
আগামী একবছরের জন্য চারশো পরিবারের অন্নসংস্থান করবেন রাশমিকা। পোস্টে অভিনেত্রী বলেন, ‘ ‘আগামী একবছর প্রতি তিন মাসের ব্য়বধানে ওই পরিবারগুলির কাছে পৌঁছে যাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। তালিকায় , ৭৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৩ কেজি রাগি, ১০ লিটার ভোজ্যতেল, ১৫ কেজি ডাল, ২ কেজি সোয়াবিন-সহ নুন, হলুদ, চিনি, লঙ্কাগুঁড়ো, হলুদ, চাপাতা তো রয়েছে। হায়দরাবাদ, মহাবুবনগর, ব্যাঙ্গালুরু, কোচি, চেন্নাই, কোডাগু, বিজয়ওয়াড়ার মতো বিভিন্ন জায়গার দুস্থ পরিবারগুলি এই পরিষেবা পাবেন।’
রাশমিকার মন্তব্য, ‘এযাবৎকাল এই কাজগুলি আমি অগোচরেই করতাম, তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানালাম, কারণ আমার থেকে অনুপ্রাণিত হয়ে যদি আরও পাঁচজন এই কাজ করেন, তবে বহু মানুষ উপকৃত হবেন।’
অভিনেত্রী জানিয়েছেন, তার এই কাজ দেখে যদি অনুরাগীরা অন্যদের সাহায্য করতে অনুপ্রাণিত হন, তা হলেই তার এই উদ্যোগ সার্থক হবে।
রাশমিকা এইমুহূর্তে তার আসন্ন সিনেমা ‘রানাবলী’র প্রচারে ব্যস্ত।