ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র


October 29, 2026 1:10 am
Link Copied!


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি প্রায় শেষ। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ায় এখন ভোটের অপেক্ষায় প্রার্থী ও ভোটাররা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও প্রস্তুতি নিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হয়। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু করে জেলা নির্বাচন অফিস। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিজ নিজ দায়িত্ব বুঝে নেন।

ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা ১ হাজার ১৮৪ জন বেশি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের প্রস্তুতি রয়েছে।

উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিযামী (বটগাছ), বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা)।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, নির্বাচনে কোনও পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। ভোটের ফলাফল সবাই মেনে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব বলেও মনে করেন তিনি।

এদিকে নির্বাচনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া জানান, ভোটারদের নিরাপদে কেন্দ্রে আসা ও ভোট দেওয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম। বুধবার ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এ তথ্য জানান।

প্রচারণা শেষ হওয়ায় প্রার্থীদের হাতে আর ভোটারদের কাছে যাওয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার ভোটারদের উপস্থিতি, ভোটগ্রহণের পরিবেশ ও ফলাফলের দিকে থাকবে সংশ্লিষ্টদের নজর। এ ভোটের মধ্য দিয়েই নির্ধারিত হবে ঠাকুরগাঁও-১ আসনের পরবর্তী জনপ্রতিনিধি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html