ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আগামী মাস থেকে আবার ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট চলবে: মন্ত্রী

UttorbongoBD
June 15, 2026 2:20 pm
Link Copied!


আগামী ২৭ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হতে পারে বলেও জানান তিনি।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক এবং জনসম্পর্কের বাস্তবতায় ঢাকা-নারিতা-ঢাকা রুট পুনরায় চালু করা সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৩০ জুনের মধ্যে এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে জাপান সিভিল অ্যাভিয়েশন ব্যুরোর (জেসিএবি) প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে বলে জানানোয় ফ্লাইট চালুর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সম্পন্ন করে ২৭ জুলাইকে সম্ভাব্য তারিখ ধরে কাজ চলছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের বহরে থাকা ওয়াইডবডি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে যৌক্তিক ভাড়ায় এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়া এবং বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে।

মন্ত্রী আরও জানান, আগামী ২০ জুন থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটের টিকিট বিক্রির কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। টিকিট বিমানের ওয়েবসাইটসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন কোনও রুটকে বাণিজ্যিকভাবে লাভজনক অবস্থানে নিতে কিছুটা সময় প্রয়োজন হয়। বাজারে অবস্থান তৈরি, যাত্রীদের আস্থা অর্জন এবং চাহিদা বৃদ্ধি ধাপে ধাপে ঘটে। তবে কার্যকর বিপণন কৌশল, যাত্রী সংখ্যা বৃদ্ধি এবং সুষ্ঠু পরিচালনার মাধ্যমে এ রুটের সম্ভাবনা আরও শক্তিশালী হবে বলে সরকার আশা করছে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এর আগে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর পরিকল্পনা জানানো হয়েছিল। কিন্তু কিছু প্রক্রিয়াগত জটিলতার কারণে তা সম্ভব হয়নি এবং ফ্লাইট চালুর তারিখ ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে জাপানে ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী রয়েছেন, যাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ফ্লাইট পুনরায় চালুর ঘোষণার পর জাপানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। যথাযথ পরিকল্পনা ও কার্যকর নেটওয়ার্ক ব্যবস্থাপনার মাধ্যমে রুটটি ভবিষ্যতে লাভজনক ও টেকসই হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সে সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html