‘রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে বিনা চিকিৎসায় আমার মা মারা গেলেন। উল্টো মায়ের লাশ ১১ ঘণ্টা আটকে রেখে আমার ছোট ভাইকে কান ধরে ওঠবস করালেন চিকিৎসকরা। তার দোষ ছিল মায়ের মৃত্যুতে প্রতিবাদ জানিয়েছিল। পরে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। আসলে এমন কোনও ঘটনা ঘটেনি। ছেলের চোখের সামনে বিনা চিকিৎসায় কোনও মা মারা গেলে, যেকোনো ছেলে প্রতিবাদ জানাবে, ক্ষুব্ধ হবে—এটাই স্বাভাবিক। কিন্তু চিকিৎসকরা নিজেদের দোষ ঢাকতে আমাদের সঙ্গে অমানবিক আচরণ করলেন। এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেছেন হাসপাতালে লাশ আটকে রাখা নারীর বড় ছেলে মোজাম্মেল হোসেন রিন্টু। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর নগরীর নিউ জুম্মপাড়া পাড়া মহল্লার মাহবুব রহমানের স্ত্রী নুরজাহান বেগম (৫৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ছেলে রিফাত হোসেন তাকে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসকদের কাছে মাকে অক্সিজেন দেওয়ার অনুরোধ করলে আগে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ভোররাত ৪টার দিকে মৃত্যু হয়।
চিকিৎসকদের অভিযোগ, রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ ছেলে দায়িত্বরত চিকিৎসকদের ওপর হামলা করেন। এ ঘটনার পর লাশ আটকে রাখা হয়। ৩টা ঘণ্টা জরুরি বিভাগ বন্ধ করে হাসপাতালে ধর্মঘট পালন করেন চিকিৎসকরা। চিকিৎসকদের ভাষ্য, মৃতের ছেলে রিফাতকে হাসপাতালে এসে ক্ষমা চাইতে হবে। তাহলে লাশ দেবে। পরে ১১ ঘণ্টা পর ওই দিন বিকাল ৩টার দিকে রিফাত হাসপাতালে আসলে তাকে একটি কক্ষে নিয়ে কান ধরে ১০ বার ওঠবস করানো হয়। এরপর মায়ের লাশ ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে রিফাত হোসেন বলেন, ‘আমার চোখের সামনে মায়ের মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট দেখে বারবার চিকিৎসকদের অনুরোধ করেছিলাম, অক্সিজেন দেন। তারা দেননি। এর মধ্যে মা মারা যাওয়ায় তাদের সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়েছে। তবে সেখানে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। হামলার অভিযোগ মিথ্যা। তখন আমার হয়তো এমন করা ঠিক হয়নি। তবে আমার মায়ের মতো আর কোনও মাকে যেন হাসপাতালে বিনা চিকিৎসায় মরতে না হয়। এ ঘটনার পর থেকে আমি ক্ষোভে ও লজ্জায় মানসিকভাবে ভেঙে পড়েছি।’
মোজাম্মেল হোসেন বলেন, ‘আমার মা বিনা চিকিৎসায় মারা গেলেন। রিফাত মাকে অক্সিজেন দেওয়ার আকুতি জানিয়েছিল। চিকিৎসকরা আকুতি শোনেননি। ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন শেষ হওয়ার পর চিকিৎসা দেওয়া হবে বলেছিলেন। এর মধ্যে মারা গেছেন মা। চোখের সামনে মায়ের এমন মৃত্যু রিফাত মেনে নিতে পারেনি। এ নিয়ে তার সঙ্গে চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। এরপর হামলার মিথ্যা অভিযোগ তুললেন চিকিৎসকরা। অথচ এমন কোনও ঘটনা ঘটে নাই। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখলে এসবের প্রমাণ পাওয়া যাবে।’
তিনি বলেন, ‘মা মারা যাওয়ার পর লাশ বাড়িতে নিতে আমরা চিকিৎসকদের বারবার অনুরোধ করেছি। ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় ক্ষমাও চেয়েছি। এরপরও লাশ আটকে রাখলেন তারা। আমি বারবার আকুতি জানিয়ে বলেছিলাম, লাশ দিয়ে দেন। আমরা বাড়ি নিয়ে আগে দাফন করি। এরপর রিফাতকে নিয়ে আসবো আপনাদের কাছে। সেও ক্ষমা চাইবে। কিন্তু তারা শোনেননি। উল্টো জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকরা। অরাজক পরিস্থিতি তৈরি করে হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করে দেন।’
মোজাম্মেল হোসেন আরও বলেন, ‘দুপুরের দিকে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে মর্গের সামনে যাই। খবর পেয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান ঘটনাস্থলে এসে লাশ দেওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ জানান। কিন্তু তার অনুরোধও রাখেননি চিকিৎসকরা। লাশ অ্যাম্বুলেন্সে তুলতে গেলে বাধা দেন। চিকিৎসকরা মব তৈরি করে লাশ অ্যাম্বুলেন্সে তুলতে দেননি। তারা মব তৈরি করে ঘোষণা দেন, রিফাতকে আসতে হবে, কান ধরে ক্ষমা চাইতে হবে। তার আগে লাশ দেওয়া হবে না। পরে অনুরোধ করেছিলাম, লাশটা যেন ফ্রিজে রাখা হয়। তাও করতে দেননি তারা। শেষমেশ বাধ্য হয়ে রিফাতকে বাসা থেকে ডেকে হাসপাতালে আনি। এরপর তাকে জোর করে পরিচালকের কার্যালয়ের একটি কক্ষে নিয়ে যান চিকিৎসকরা। সেখানে রংপুর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিরাজসহ কয়েকজন ঘোষণা দেন, কান ধরে ১০ বার ওঠবস না করা পর্যন্ত লাশ ফেরত দেওয়া হবে না। বাধ্য হয়ে রিফাত কান ধরে ওঠবস করলে ১১ ঘণ্টা পর বিকাল ৩টার দিকে মায়ের লাশ ফেরত দেন। পরে অ্যাম্বুলেন্সে করে লাশ বাসায় নিয়ে আসি। দুঃখের বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা পুলিশ প্রশাসন কেউ আমাদের কোনও ধরনের সহায়তা করেনি। শনিবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে মায়ের লাশ দাফন করেছি।’
বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়ে কারও কাছে অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে মোজাম্মেল বলেন, ‘আসলে চিকিৎসকদের এমন অমানবিক কর্মকাণ্ডে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। চিকিৎসকদের এমন জিম্মি দশা থেকে কবে দেশের মানুষ এবং রোগীরা মুক্তি পাবে জানি না। বিচার পাবো কিনা তাও জানি না। তবে আমরা হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেবো। মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার চাইবো।’
তিনি আরও বলেন, ‘মায়ের লাশ আটকে রাখায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-৩ আসনের সংসদ সদস্য জামায়াতের নেতা মো. মাহবুবুর রহমান বেলালের নগরীর আদর্শ পাড়ার বাসায় গিয়েছিলাম, তার সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য তিনি অসুস্থ বলে দেখা করেননি।’
এসব বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। তবে ঘটনার দিন তিনি বলেছিলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। রোগীকে হাসপাতালে আনার পরপরই মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, দায়িত্বরত চিকিৎসকের গাফিলতি ছিল না। কোনও কারণ ছাড়াই চিকিৎসক নাঈম, রাকিবসহ অন্যদের মারধরের চেষ্টা করা হয়। এমনকি দায়িত্বরত নার্সের সঙ্গেও অশোভন আচরণ করা হয়েছে। রোগীর স্বজনরা যে আচরণ করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত বিষয়ে তিনি বলেন, ‘এটিও খুবই নিন্দনীয় ঘটনা।’