ফুটবলের প্রচলিত নিয়মে পাঁচটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয় একজন খেলোয়াড়কে। তবে লিওনেল মেসির ক্ষেত্রে এবার সেই নিয়ম কার্যকর হচ্ছে না। চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখেও কোনও নিষেধাজ্ঞা ছাড়াই ইন্টার মায়ামির হয়ে পরের ম্যাচে খেলতে পারবেন আর্জেন্টাইন মহাতারকা। এর পেছনে রয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ ‘গুড বিহেভিয়ার পলিসি’।
সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র করা ম্যাচে ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। প্রতিপক্ষের স্যামুয়েল গুইডিকে ফাউল করায় রেফারি আর্মান্দো ভিয়ারিয়াল তাকে হলুদ কার্ড দেখান। সিদ্ধান্তে অসন্তোষও প্রকাশ করেন মায়ামি অধিনায়ক। এর আগে কলোরাডো র্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি।
সিনসিনাটির বিপক্ষে কার্ডটি ছিল মৌসুমে মেসির পঞ্চম। সাধারণ নিয়মে তাতে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা তার। কিন্তু এমএলএসের শৃঙ্খলাবিধিতে রয়েছে ব্যতিক্রমী সুযোগ। ‘গুড বিহেভিয়ার পলিসি’ অনুযায়ী, কোনও খেলোয়াড় টানা পাঁচ বা তার বেশি ম্যাচে হলুদ কিংবা লাল কার্ড না দেখলে তার আগের জমা হওয়া একটি হলুদ কার্ড মওকুফ হয়ে যায়। পুরো মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন একজন ফুটবলার।
মেসির ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হয়েছে দুবার। অরল্যান্ডো সিটি ও ন্যাশভিলের বিপক্ষে হলুদ কার্ড দেখার মাঝখানে টানা পাঁচ ম্যাচে কোনও কার্ড দেখেননি তিনি। আবার ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষে কার্ড দেখার মধ্যবর্তী সময়ে টানা ১০ ম্যাচ ছিলেন কার্ডমুক্ত। ফলে তার আগের দুটি হলুদ কার্ড বাতিল হয়ে গেছে।
তাই পাঁচটি হলুদ কার্ড দেখলেও এমএলএসের হিসাবে মেসির জমা কার্ডের সংখ্যা এখন তিনটি। ফলে আগামী রবিবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে লিগের ৩৩তম রাউন্ডের ম্যাচে খেলতে কোনও বাধা নেই তার।
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে মেসিকে দলে পাওয়াটা ইন্টার মায়ামির জন্য বড় স্বস্তির খবর। বিশেষ করে লিগের শেষ পর্যায়ে নিজেদের সেরা তারকাকে নিয়েই মাঠে নামতে পারবে দলটি।