ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বয়স্কদের স্মৃতিভ্রংশের নেপথ্যে কী?


October 30, 2026 1:55 pm
Link Copied!


বাজারে গিয়ে মানিব্যাগ নিতে ভুলে যাওয়া, চশমা খুঁজতে গিয়ে দেখা গেলো সেটি মাথাতেই রয়েছে, কিংবা পরিচিত কারও নাম মনে করতে না পারা- বয়স বাড়ার সঙ্গে এমন ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে। তবে বার বার ভুলে যাওয়ার অভ্যাস দেখলেই তাকে ডিমেনশিয়া বলে ধরে নেওয়া ঠিক নয়। শরীরে কিছু পুষ্টির ঘাটতি, ঘুমের সমস্যা, মানসিক চাপ কিংবা নির্দিষ্ট কিছু ওষুধের প্রভাবেও স্মৃতিশক্তি দুর্বল হতে পারে।

স্বাভাবিক বয়সজনিত ভুলে যাওয়া এবং ডিমেনশিয়ার মধ্যে পার্থক্য বোঝা জরুরি। কখনও কোনও নাম মনে করতে দেরি হলেও কিছুক্ষণ পর তা মনে পড়ে যেতে পারে। কিন্তু একই প্রশ্ন বার বার করা, পরিচিত রাস্তা চিনতে অসুবিধা হওয়া কিংবা প্রতিদিনের কাজ সামলাতে সমস্যা দেখা দিলে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। স্মৃতির সমস্যা ক্রমশ বাড়তে থাকলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ডিমেনশিয়া ছাড়াও কয়েকটি শারীরিক সমস্যার কারণে স্মৃতিশক্তি কমে যেতে পারে। যেমন, ভিটামিন বি১২-এর ঘাটতি, থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা এবং পর্যাপ্ত ঘুমের অভাব। অবসাদ বা মানসিক চাপের কারণেও মনোযোগ ও মনে রাখার ক্ষমতা ব্যাহত হতে পারে। আবার ঘুমের ওষুধ, অ্যালার্জি বা ব্যথা কমানোর কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও এমন সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মদ্যপানও স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলতে পারে।

তাই বয়স্ক কারও মধ্যে স্মৃতিভ্রংশের লক্ষণ দেখা দিলে নিজে থেকে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর বদলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী রক্তে ভিটামিন বি১২ ও থাইরয়েড হরমোনের মাত্রা পরীক্ষা করা হতে পারে। পাশাপাশি, তিনি কী কী ওষুধ খাচ্ছেন, ঘুম কেমন হচ্ছে এবং মানসিক অবস্থায় কোনও পরিবর্তন এসেছে কি না, তা-ও খতিয়ে দেখা হয়। স্মৃতিশক্তি যাচাইয়ের জন্য চিকিৎসক কিছু সহজ পরীক্ষাও করতে পারেন।

সমস্যার কারণ যদি চিকিৎসাযোগ্য কোনও শারীরিক অবস্থা হয়, তবে তার চিকিৎসায় স্মৃতিশক্তি বা মনোযোগের উন্নতি হতে পারে। তবে সব ধরনের স্মৃতিভ্রংশই যে পুরোপুরি সেরে যাবে, এমন নয়। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে পরীক্ষা করানোই ভালো।

বিশেষ করে হঠাৎ স্মৃতিভ্রংশ বা বিভ্রান্তির সঙ্গে কথা জড়িয়ে যাওয়া, মুখের এক দিক বেঁকে যাওয়া কিংবা শরীরের এক পাশে দুর্বলতা দেখা দিলে তা স্ট্রোকের লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে অবিলম্বে হাসপাতালে যেতে হবে। বয়সের কারণে ভুলে যাচ্ছেন ভেবে সমস্যাকে অবহেলা না করে, আবার আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসকের সাহায্য নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html