পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৬ জুন) ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় ডিএমপি কমিশনার বলেন, পবিত্র আশুরার সব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন করা যাবে না। একইসঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ থাকবে।
ডিএমপি কমিশনার জানান, হোসাইনী দালান ইমামবাড়া ও আশপাশের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। যেকোনও ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ডগ স্কোয়াড ও ম্যানুয়াল সুইপিংয়ের ব্যবস্থা থাকবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, পবিত্র আশুরার সব কর্মসূচির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় আয়োজক প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য অধিদফতর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।