ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লিফট, এসকেলেটর ব্যবহারেরও রয়েছে শিষ্টাচার, কোন বিষয়গুলি মাথায় রাখবেন?


November 3, 2026 5:45 pm
Link Copied!


লিফট এমন একটি ছোট জায়গা, যেখানে অল্প সময়ের জন্য হলেও একসঙ্গে দাঁড়াতে হয় অনেক অপরিচিত মানুষের। তাই লিফট ব্যবহারের সময় অন্যের ব্যক্তিগত পরিসর ও সুবিধার কথা মাথায় রাখা প্রয়োজন। শুধু লিফট নয়, এসকেলেটর বা চলন্ত সিঁড়ি ব্যবহারের ক্ষেত্রেও কিছু শিষ্টাচার মেনে চলা জরুরি। জেনে নিন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন।

লিফটের দরজা খুললে আগে ভেতরে থাকা যাত্রীদের নেমে যাওয়ার সুযোগ দিন। লিফটে ওঠার জন্য অপেক্ষা করার সময়ে দরজার সামনে দাঁড়িয়ে ভিড় করবেন না। এক পাশে সরে দাঁড়ান, যাতে ভেতরের যাত্রীরা সহজেই বেরিয়ে আসতে পারেন। সবাই নেমে গেলে তবেই লিফটে উঠুন।

লিফটে প্রথমে উঠলে প্রয়োজন অনুযায়ী অন্য যাত্রীদের কোন তলায় নামবেন, তা জিজ্ঞাসা করে সংশ্লিষ্ট বোতামগুলি টিপে দিতে পারেন। এতে কাউকে অন্যের গায়ের ওপর দিয়ে হাত বাড়িয়ে বোতাম টিপতে হবে না। বিশেষ করে লিফট ভিড়ে ঠাসা থাকলে এই সৌজন্য অনেকের অস্বস্তি কমাতে পারে।

লিফটের জন্য অপেক্ষা করার সময়ে বার বার বোতাম টেপারও প্রয়োজন নেই। একবার বোতাম টিপলেই যথেষ্ট। বারবার চাপলে লিফট দ্রুত আসবে না। তাই অযথা বোতাম টিপে বিরক্তি না বাড়িয়ে অপেক্ষা করুন।

লিফটের ভেতরে জোরে কথা বলা বা মোবাইলে উচ্চস্বরে কথা বলা এড়িয়ে চলুন। অল্প সময়ের এই যাত্রায় অন্যদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানো জরুরি। অপরিচিত যাত্রীর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকাও অস্বস্তিকর। তাই স্বাভাবিক আচরণ করুন এবং অন্যের দিকে অযথা নজর দেবেন না। পাশাপাশি প্রত্যেকের জন্য পর্যাপ্ত জায়গা রাখুন। গা ঘেঁষে দাঁড়ানো বা ধাক্কাধাক্কি করা থেকে বিরত থাকুন।

লিফটের দরজার কাছে দাঁড়িয়ে থাকলে অন্য তলায় দরজা খোলার সময়ে একটু সরে দাঁড়ান, যাতে যারা নামতে চান তারা সহজে বেরিয়ে যেতে পারেন। পিঠে বড় ব্যাগ বা ব্যাকপ্যাক থাকলে সেটি খুলে পায়ের কাছে রাখুন। এতে অন্য যাত্রীদের গায়ে ব্যাগের ধাক্কা লাগবে না এবং জায়গাও কিছুটা বেশি পাওয়া যাবে।

এবার আসা যাক এসকেলেটর বা চলন্ত সিঁড়ির কথায়। এখানে শিষ্টাচারের পাশাপাশি নিরাপত্তার দিকটিও বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শাড়ি, লম্বা ওড়না বা বোরখা পরা নারীদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। পোশাকের ঝুল বা ওড়নার অংশ চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ওঠানামার সময়ে পোশাকের ঝুল সামলে রাখুন এবং হাত দিয়ে রেলিং ধরে চলুন। জুতো ও পায়ের অবস্থানের দিকেও নজর রাখুন।

এসকেলেটরের শেষ প্রান্তে পৌঁছে হঠাৎ দাঁড়িয়ে পড়বেন না। সেখানে দাঁড়িয়ে মোবাইল দেখা, ফোনে কথা বলা কিংবা পরিচিত কাউকে খোঁজার চেষ্টা করলে পেছনে থাকা যাত্রীদের চলাচলে বাধা তৈরি হতে পারে। এসকেলেটর থেকে নেমে বা উঠে আগে নিরাপদে সামনের দিকে সরে যান। তারপর প্রয়োজন হলে এক পাশে দাঁড়িয়ে মোবাইল দেখুন বা কারও জন্য অপেক্ষা করুন।

মনে রাখবেন, লিফট ও এসকেলেটর ব্যবহারের সময় সামান্য সৌজন্য এবং সচেতনতাই অন্যের যাত্রাকে স্বস্তিদায়ক করে তুলতে পারে। নিজের সুবিধার পাশাপাশি অন্যের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথাও মাথায় রাখা জরুরি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html