ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাফনের কাপড় ও বেনামী চিঠিতে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার

UttorbongoBD
June 26, 2026 7:05 am
Link Copied!


রাজবাড়ীর গোয়ালন্দে রঞ্জু মিস্ত্রি নামে এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে কাফনের কাপড় ও বেনামী চিঠি রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারটির সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাফনের কাপড়, বেনামী চিঠি এবং একটি খিলিপান জব্দ করেছে।

উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্বরূপার চক এলাকার বাসিন্দা রঞ্জু মিস্ত্রির বাড়িতে বুধবার (২৪ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রঞ্জু মিস্ত্রি জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা তার বাড়ির বারান্দায় একটি সাদা কাফনের কাপড় ও একটি খোলা চিঠি রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা সেগুলো দেখতে পান।

তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে আছি। খবর ছড়িয়ে পড়ার পর এলাকায়ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।’

বেনামী চিঠির শিরোনামে লেখা ছিল, ‘বাঁচার দিন শেষ, ভাই-ভাবির রেশ।’

চিঠিতে দাবি করা হয়, তাদের ‘সব কুকীর্তি ফাঁস হয়ে গেছে’, দেশ ছেড়ে যেতে হবে, জমি ছেড়ে দিতে হবে এবং সীমানা ঠিক রাখতে হবে। তা না হলে রঞ্জু মিস্ত্রি, তার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। চিঠিতে আরও কিছু ব্যক্তিগত ও অশালীন মন্তব্যও লেখা ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে কারও বাড়িতে কাফনের কাপড় রেখে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদারের দাবি জানান।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html