মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি যেমন আমেরিকাবিরোধী নন, তেমনি কারও কাছে ‘নতজানু’ও নন। ইতালীয় সংবাদ সংস্থা আদনক্রোনোস এই তথ্য জানিয়েছে।
সোমবার ইতালির টেলিভিশন চ্যানেল রেতে ৪-এর ১০ মিনিটি অনুষ্ঠানে ইতালি-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে মেলোনি বলেন, আমি আজ যেমন আমেরিকা বিরোধী নই, তেমনি গতকালও আমি হাঁটু গেড়ে বসে ছিলাম না। আমি এমন একজন মানুষ যিনি বিশ্বাস করেন যে পশ্চিমারা ঐক্যবদ্ধ থাকলে আরও শক্তিশালী হয়। আমি মনে করি, একটি ঐক্যবদ্ধ পশ্চিমা বিশ্বের ভেতর ইতালি আরও শক্তিশালী এবং আমি এর জন্যই কাজ করেছি ও করে যাচ্ছি। তবে, সুদৃঢ় সম্পর্ক সবসময় স্পষ্টবাদিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে এবং আমি একজন স্পষ্টভাষী মানুষ।
চলতি মাসের শুরুর দিকে মেলোনিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জেরে একটি বিজনেস ফোরামে যোগ দিতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী আন্তোনিও তায়ানির মায়ামি সফর বাতিল করার ঘোষণার পর এই প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তায়ানি লিখেছিলেন, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুতর ও আপত্তিকর শব্দগুলো পুরো ইতালিকে অপমান করেছে। এই কারণে, আমি আগামী ২১ ও ২২ জুন নির্ধারিত আমার যুক্তরাষ্ট্র সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।
প্রতিবেদনে বলা হয়, লা সেভেন চ্যানেলের ডেভিড পারেনজোর অনুষ্ঠান এল’আরিয়া কে তিরা-কে দেওয়া একচেটিয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, জর্জিয়া মেলোনি আমার সাথে একটি ছবি তোলার জন্য ভিক্ষা করেছিলেন। তিনি আমার সাথে একটি ছবি তুলতে খুব করে চেয়েছিলেন। আমি হয়তো তুলতাম না, কিন্তু তার জন্য আমার দুঃখ হয়েছিল।
এভিয়ান সামিটের ফাঁকে মেলোনির সাথে আলোচনার বিষয়ে লা সেভেন-এর সংবাদদাতার প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনাদের প্রধানমন্ত্রী কেমন আছেন? কেমন আছেন তিনি? সম্ভবত তিনি খুশি যে আমি তার সাথে কথা বলেছি। তার সাথে কথা বলতে আমি বাধ্য ছিলাম না।
সূত্র: এনডিটিভি