ঢাকাTuesday , 7 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে


July 7, 2026 4:05 am
Link Copied!


জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি নিজের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে একমাত্র ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গেন্দারপাড়া গ্রামের মোজাম্মেল হক গুঠু তালুকদার প্রায় ছয় বছর আগে মারা যান। এরপর তার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম (৬৫) স্বামীর বাড়িতে একাই বসবাস করছিলেন। তাদের একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন।

রাশেদা বেগমের বাবার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঁশনিওগী গ্রামে। রাশেদা বেগম তার বাবার সম্পত্তি থেকে ওয়ারিশ হিসেবে পাওয়া ৫৬ শতাংশ জমি তিনি পারিবারিকভাবে প্রায় ৮ লাখ টাকার বিনিময়ে ভাইদের কাছে বিক্রি করেন। পরে সেই টাকা দিয়ে নিজের নামে অন্য জায়গায় জমি কেনেন।

অভিযোগ রয়েছে, রাশেদুল ইসলাম জাকির মায়ের নতুন কেনা জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাশেদা বেগম এর আগে সরিষাবাড়ী থানায় অভিযোগও করেছিলেন।

স্থানীয়রা জানান, এ বিরোধের জেরে একপর্যায়ে জাকির গেন্দারপাড়ার বাড়িতে তালা লাগিয়ে স্ত্রীকে নিয়ে মধুপুরে চলে যান। পরে রাশেদা বেগম বাড়িতে এলে স্থানীয়রা তালা ভেঙে তাকে ঘরে ঢুকিয়ে দেন। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি।

রবিবার (৫ জুলাই) আবারও সালিশ বৈঠকে মায়ের কাছে জমি লিখে দেওয়ার দাবি করেন জাকির। রাশেদা বেগম এতে রাজি না হলে তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে তার ভাইয়েরা এসে তাকে বাবার বাড়িতে নিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতে পবিত্র কোরআন নিয়ে কান্নাজড়িত অবস্থায় স্বামীর বাড়ি থেকে বের হচ্ছেন রাশেদা বেগম। পরে স্বজনরা তাকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যান।

রাশেদা বেগম বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে সম্পত্তি লিখে দেওয়ার জন্য নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। সম্পত্তি লিখে না দেওয়ায় আমাকে স্বামীর বাড়িতে থাকতে দেয় না। আমি গেলে আত্মহত্যা করে আমাকে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেয়। রবিবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পরে ভাইদের খবর দিলে তারা এসে আমাকে নিয়ে যায়।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রাশেদুল ইসলাম জাকিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html