স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে।”
মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদফতরে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, “নির্বাচন কমিশন সূত্র জানায় স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওর ও উত্তরপূর্বাঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদী প্রধান অঞ্চল, সমতলভাবে ভাগ করে সময় নির্ধারণ করা হয়েছে।”
তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন আদৌ হবে কিনা— কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতেন। যেহেতু অনেক জায়গায় প্রশাসক রয়েছে। আমরা রিপিটেডলি বলেছি, মন্ত্রী সবসময় বলেছেন যে নির্বাচন এই বছরের মধ্যেই শুরু হবে।” তিনি আরও বলেন, “আপনারা জানেন নির্বাচন হওয়ার জন্য একটা বিশেষ সময় লাগে। আমরা চেষ্টা করি, বেশি সংখ্যক নির্বাচন যাতে শুকনো মৌসুমে, শীতের মৌসুমে হয়। আপনারা জেনে থাকবেন অক্টোবরের দিকে (নির্বাচন) শুরু হবে এবং এটাও একটা তথ্য। শুরু হবার পরে ১০ থেকে ১২ মাস সময় লাগে। এখন থেকে ১০ থেকে ১২ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে না। নির্বাচন শুরু হবার ১০ থেকে ১২ মাস সময় লাগবে। অর্থাৎ এই অক্টোবরে যদি নির্বাচন শুরু হয় পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে— ২০২৭ সালের অক্টোবর নাগাদ। এই হচ্ছে রোডম্যাপ, মানে টাইম ফ্রেম।”