জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান আসামি করে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৯ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রোকন।
শুক্রবার (৩১ জুলাই) হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. ইকবাল হোসেন রোকন বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় এ অভিযোগ দেন।
লিখিত অভিযোগে বাদী দাবি করেন, গত ২৮ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে যাওয়ার আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরোসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেন।
এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। এ ছাড়া কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগের বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাই শেষে পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে।’