আবহাওয়া একটু বদলালেই অনেকের ত্বকে দেখা দেয় শুষ্কতার সমস্যা। মুখ ধোয়ার পর টান টান লাগে, ময়েশ্চারাইজার ব্যবহারের কিছুক্ষণ পর আবার ত্বক খসখসে হয়ে যায়। শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই যদি এমন সমস্যা দেখা দেয়, তা হলে ত্বকের আর্দ্রতা ধরে রাখার দিকে এখন থেকেই নজর দেওয়া প্রয়োজন।
শুষ্ক ত্বকের পরিচর্যায় বিভিন্ন ধরনের তেল ব্যবহার করা যায়। তবে সরাসরি মুখে তেল মাখার পরিবর্তে ত্বকের ধরন অনুযায়ী অন্য কিছু উপকরণের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
কাঠবাদাম তেল ও ওটস
শুষ্ক ত্বকে নরমভাব আনতে কাঠবাদাম তেলের সঙ্গে ওটসের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। এক টেবিল চামচ ওটস দুধে ভিজিয়ে রেখে নরম করে নিন। এরপর এতে এক টেবিল চামচ কাঠবাদাম তেল মিশিয়ে প্যাক তৈরি করুন।
মুখ পরিষ্কার করার পর মিশ্রণটি পাতলা করে লাগিয়ে কয়েক মিনিট আলতো হাতে ম্যাসাজ করতে পারেন। ১৫ থেকে ২০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ওটস ত্বকের ওপর মৃদু পরিচর্যা দিতে পারে, আর তেল ত্বককে নরম রাখতে সহায়তা করতে পারে।
অলিভ অয়েলের সঙ্গে ওটস
রান্নাঘরে থাকা অলিভ অয়েলও শুষ্ক ত্বকের যত্নে কাজে লাগতে পারে। এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে সমপরিমাণ ওটসের গুঁড়া মিশিয়ে নিন। এতে কয়েক ফোঁটা মধু যোগ করলে মিশ্রণটি আরও মসৃণ হবে।
মুখে লাগানোর আগে ত্বক পরিষ্কার করে নিন। প্যাকটি মুখে লাগিয়ে হালকা হাতে কিছুক্ষণ ম্যাসাজ করুন। প্রায় ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। তবে ত্বক সংবেদনশীল হলে ঘষাঘষি না করাই ভালো।
ক্যাস্টর অয়েল ও অ্যালোভেরা
ত্বকের অতিরিক্ত শুষ্কতার ক্ষেত্রে ক্যাস্টর অয়েল ও অ্যালোভেরা দিয়ে তৈরি প্যাক ব্যবহার করা যায়। এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। এতে কয়েক ফোঁটা মধু যোগ করে ভালোভাবে মিশিয়ে মুখে লাগান।
২০ মিনিটের মধ্যে প্যাকটি ধুয়ে ফেলতে পারেন। এরপর ত্বকের প্রয়োজন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, প্রাকৃতিক উপাদান হলেও সব ধরনের তেল সবার ত্বকে মানানসই নয়। বিশেষ করে ব্রণপ্রবণ বা অতি সংবেদনশীল ত্বকে তেল ব্যবহারের আগে ছোট জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো। জ্বালা, চুলকানি বা লালচে ভাব দেখা দিলে ব্যবহার বন্ধ করুন।
শুষ্ক ত্বকের যত্নে শুধু ফেসপ্যাকের ওপর নির্ভর না করে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার, পর্যাপ্ত পানি পান এবং অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ না ধোয়ার অভ্যাসও গড়ে তুলতে হবে।
/এমএএল/