বনপাড়া পৌরসভাকে একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র পদপ্রার্থী মহুয়া নূর কচি।
তিনি বলেন, “আমি মেয়র নির্বাচিত হলে বনপাড়ার প্রতিটি পরিবারকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কাজ করতে চাই। বিশেষ করে আমাদের মা-বোনেরা যেন মাদকের কারণে স্বামী, সন্তান কিংবা পরিবারের সদস্যদের হারানোর আতঙ্কে না থাকেন—এমন একটি নিরাপদ সমাজ গড়ে তোলাই আমার অন্যতম প্রধান লক্ষ্য।”
মহুয়া নূর কচি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না; এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। তাই মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, একই সঙ্গে তরুণদের সচেতন করা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবারভিত্তিক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, “বনপাড়ার মা-বোনদের আমি এমন একটি পরিবার উপহার দিতে চাই, যেখানে সন্তান মাদকের কাছে হারিয়ে যাবে না, পরিবারে থাকবে শান্তি ও নিরাপত্তা। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”
মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, শিক্ষা ও সচেতনতা কার্যক্রম জোরদার করা, তরুণদের জন্য খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
মহুয়া নূর কচির ভাষায়, “বনপাড়ার উন্নয়ন শুধু রাস্তা-ঘাট বা অবকাঠামোর উন্নয়ন নয়; একটি নিরাপদ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলাও উন্নয়নের অংশ। আমি চাই, বনপাড়ার প্রতিটি মা-বোন গর্ব করে বলতে পারেন—আমার পরিবার নিরাপদ, আমার সন্তান নিরাপদ।”
তিনি বনপাড়ার সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।