ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউবের বিকল্প ‘বিলিবিলি’র নজর এবার বিশ্ববাজারে

UttorbongoBD
August 23, 2026 12:50 pm
Link Copied!


আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউটিউবের বিকল্প হিসেবে পরিচিত চীনের ভিডিও প্ল্যাটফর্ম ‘বিলিবিলি’।

কনটেন্ট নির্মাতাদের পরিচয়পত্র যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে নেওয়ার পাশাপাশি নতুন অ্যাপ সংস্করণ চালু এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মী নিয়োগ শুরু করেছে কোম্পানিটি।

প্রযুক্তি, বিজ্ঞান ও বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ‘সেমাফোরের’ প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বিলিবিলির নতুন সংস্করণের অ্যাপ চালু হয়েছে। একইসঙ্গে জনপ্রিয় ইউটিউবার ও অন্যান্য কনটেন্ট নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে কোম্পানিটি।

চীনের বাইরেও এতদিন বিলিবিলি ব্যবহার করা যেত। তবে নতুন উদ্যোগের মাধ্যমে পশ্চিমা দর্শক ও কনটেন্ট নির্মাতাদের সরাসরি প্ল্যাটফর্মটিতে যুক্ত করাই কোম্পানিটির মূল লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন অ্যাপ সংস্করণে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো – কনটেন্ট পোস্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে দেওয়া। শিগগিরই আইওএস ব্যবহারকারীদের জন্যও এই আপডেট চালু হওয়ার কথা রয়েছে।

এর আগে, চীনের মূল ওয়েবসাইটে বিদেশ থেকে কনটেন্ট পোস্ট করতে পাসপোর্ট বা পরিচয়পত্র জমা দিয়ে নিবন্ধন করতে হতো। নতুন নিয়মে আর এ ধরনের বাধ্যবাধকতা থাকছে না। ফলে বিশ্বজুড়ে তৈরি কনটেন্ট এবং চীনের অভ্যন্তরীণ কনটেন্ট একই অ্যাপে দেখানোর সুযোগ তৈরি হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বিলিবিলি ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কর্মী নিয়োগ শুরু করেছে। আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতারা যাতে সহজে ভিডিও আপলোড করতে পারেন, সেজন্য ওয়েবসাইটটির পূর্ণাঙ্গ ইংরেজি সংস্করণ তৈরির পরিকল্পনাও রয়েছে।

সাম্প্রতিক পরিবর্তনগুলো বিলিবিলির ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আন্তর্জাতিক জনপ্রিয়তা বাড়লে চীনা এই প্ল্যাটফর্মও যুক্তরাষ্ট্রের টিকটকের মতো জাতীয় নিরাপত্তা ও কঠোর নজরদারির প্রশ্নের মুখে পড়তে পারে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি – এমন অভিযোগের পর টিকটককে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বিক্রির উদ্যোগ নিতে হয়েছিল। বিলিবিলি পশ্চিমা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেলে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিলিবিলি যদি জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে আনতে সফল হয়, তাহলে তা গুগলের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের ওপর প্রতিযোগিতামূলক চাপ বাড়াতে পারে।

ইউটিউব এখনও বিনোদন ও ভিডিও কনটেন্টের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে থাকলেও প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। বিশেষ করে ভিডিও পডকাস্ট ও নির্মাতানির্ভর কনটেন্টে বিভিন্ন প্ল্যাটফর্মের আগ্রহ বাড়ায় নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মও প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে।

মার্কিন বাণিজ্যবিষয়ক প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ভিডিও প্ল্যাটফর্মগুলোর প্রতিযোগিতা তীব্র হওয়ায় জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও চ্যানেলগুলোর সঙ্গে আলাদা চুক্তির পরিকল্পনা করছে ইউটিউব।

এসব চুক্তির আওতায় কনটেন্ট নির্মাতাদের অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে একই সময়ে ভিডিও প্রকাশের পরিবর্তে সবার আগে ইউটিউবে কনটেন্ট প্রকাশের জন্য অর্থ দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html