ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর করা হবে: ইউজিসি চেয়ারম্যান

UttorbongoBD
August 29, 2026 7:05 pm
Link Copied!


দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ধাপে ধাপে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হবে।’

শনিবার (২৯ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে। জীবনে ব্যর্থতা বা হতাশা এলে নিজের সক্ষমতার ওপর আস্থা রেখে সেখান থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়াতে হবে।’

বিশ্ববিদ্যালয়ে ভর্তি অত্যন্ত প্রতিযোগিতামূলক উল্লেখ করে তিনি বলেন, ‘যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, তারা মেধাবীদের মধ্যে মেধাবী। ভর্তির মাধ্যমে তাদের মেধার উৎকর্ষ ও স্বপ্ন পূরণের যে যাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। মানুষ স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণ হয় না। তাই নিজেদের স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘জ্ঞান যত বেশি অর্জন করা যাবে, জীবন তত সুন্দর ও সমৃদ্ধ হবে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকা সুযোগ ও সুবিধা সর্বোচ্চ ব্যবহার করতে হবে।’

মুক্তচিন্তা ও মতপ্রকাশের গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যুক্তিনির্ভর মুক্তচিন্তা ও মতপ্রকাশের সুযোগ থাকতে হবে। একই সঙ্গে নিজের মত প্রকাশের সময় অন্যের অধিকার, মর্যাদা ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অধিকার ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রেখে স্বাধীনতার চর্চা করতে হবে।’

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণা, খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবা, প্রযুক্তি ও উদ্ভাবনেও যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।

আরও বক্তব্য দেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম ও প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রাবির ১২টি অনুষদের ৫৯টি বিভাগ ও পাঁচটি ইনস্টিটিউটে প্রায় ৪ হাজার ৩০০ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ভর্তির জন্য প্রায় ২ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html