ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক

UttorbongoBD
September 5, 2026 9:55 pm
Link Copied!


‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ পেয়েছেন কবি রনক জামান, প্রাবন্ধিক ও গবেষক রাফাত আলম, কথাসাহিত্যিক হামিম কামাল এবং সাংবাদিক ও শিশুসাহিত্যিক রবিউল কমল।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবার কবিতা বিভাগে রনক জামান তার ‘এই গ্রাম কুড়িয়ে পেয়েছি’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন। প্রবন্ধ ও গবেষণা বিভাগে রাফাত আলম পুরস্কার পেয়েছেন ‘বাংলাদেশ পাঠ: সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে’ গ্রন্থের জন্য। কথাসাহিত্য বিভাগে হামিম কামাল পুরস্কার পেয়েছেন ‘ত্রিস্তান’ গ্রন্থের জন্য। শিশু-কিশোর সাহিত্য বিভাগে রবিউল কমল তার ‘দস্যু ও দুই দুরন্ত’ গ্রন্থের জন্য এ পুরস্কার অর্জন করেছেন।

তবে মুক্তিযুদ্ধ ও বিপ্লব বিভাগে মানসম্মত গ্রন্থ না পাওয়ায় এবার কোনো পুরস্কার দেওয়া হয়নি।

অনুষ্ঠানের শুরুতে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’-এর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিচারকমণ্ডলীর সদস্য ও সাহিত্যিক ইমদাদুল হক মিলন পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলা সাহিত্যের সমৃদ্ধ ইতিহাসকে সামনে এগিয়ে নেওয়ার বড়ো দায়িত্ব এখন নতুন প্রজন্মের লেখকদের ওপর।

তিনি আরও বলেন, তিনি ৫০ বছর বয়স পার হওয়ার পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। অথচ বর্তমান প্রজন্মের লেখকেরা ৪০ বছর বয়সের আগেই এমন একটি প্ল্যাটফর্‌ম পাচ্ছেন। এই সুযোগ তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। তিনি পুরস্কারের পাঁচটি বিভাগের সৃজনশীল ও মননশীল দিক নিয়ে কথা বলেন। সাহিত্যে ভাষার সঠিক ও প্রমিত ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাহিত্যের গভীরতা উপলব্ধির জন্য ভাষার সূক্ষ্মতা জানা জরুরি।

আগামী দিনে ‘ভ্রমণ সাহিত্য’কে পুরস্কারের নতুন একটি বিভাগ হিসেবে যুক্ত করারও অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সদস্য ফারুক মাহমুদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টিবোর্ডের সদস্য ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম নবীন কবি ও লেখকদের সৃজনধারায় গতি সঞ্চার ও উৎসাহ দেওয়ার লক্ষ্যে ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে এ পুরস্কার দিয়ে আসছে। এ পর্যন্ত ৭১ জন তরুণ কবি ও লেখক এ স্বীকৃতি পেয়েছেন। পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html